ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেকশন গ্রেড দেওয়ার দাবিতে সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারি নেতারা রোববার সকালে অর্থ সচিব ড. মোহাম্মদ তারেকের সঙ্গে দেখা করেছেন।
সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথমে অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসচিবের সঙ্গে দেখা করে কোনো সুফল না হওয়ায় পরে তারা সচিবের সঙ্গে দেখা করেন।
তিনি জানান, সচিব তাদের কথা শুনে নথিপত্র পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এমদাদুল জানান, সরকারের আদেশ অনুযায়ী বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ পার হওয়ার পর চতুর্থ শ্রেণীর কর্মচারিদের সিলেকশন গ্রেড দেওয়ার বিধান রয়েছে। পাঁচ বছর পরপর জাতীয় বেতন স্কেল ঘোষণা হওয়ায় কর্মচারিরা সর্বোচ্চ ধাপ পার হওয়ার সুযোগ পান না। ফলে সব সময়ই তারা সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত হন।
সচিবের সঙ্গে আলোচনায় সরকারের এ আদেশ সংশোধনের দাবি জানানো হয় বলে জানান তিনি।
সিলেকশন গ্রেড পেলে চতুর্থ শ্রেণীর কর্মচারিদের বেতনের সঙ্গে একটি বাৎসরিক ইনক্রিমেন্ট-এর সমান অর্থ যোগ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/কেএমএস/১৬০৩ ঘ.
bdnews24