সিলেট, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় বাস খাদে পড়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ২৫ জন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের দু'জন হলেন- সামসু মিয়া (৪০) ও মাসুম আহমদ (২৫)। বাকি দুই নিহত ও আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা ঢাকার সাভারের একটি পোশাক কারখানার কর্মী।
দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার সাভার থেকে সিলেট আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে অন্তত ২০ ফুট নিচে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
বাসের যাত্রীরা সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাভার ফিরছিলেন, বলেন তিনি।
পুলিশ কর্মকর্তা আরো জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল কুণ্ড ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩২ ঘ.
bdnews24