মানিকগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ পৌরসভায় শুক্রবার রাতে অতর্কিতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
এ সময় তারা পৌরসভার চারটি গাড়ি ও অফিস কক্ষে ব্যাপক ভাংচুর করে।
পরে স্থানীয়রা এক ইমরান হোসেন বাবু (২২) নামের এক 'হামলাকারীকে' ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বাবু পৌর এলাকার লওখণ্ড গ্রামের ফজলুর রহমানের ছেলে।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ৮টার দিকে পৌরসভার গেট খুলে কর্মচারীরা বিভিন্ন মালামাল ভেতরে ঢোকানোর সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, লোহার চেইন ও রড নিয়ে অতর্কিতে হামলা চালায়।
তারা দু'টি পাজেরো জিপ, একটি ট্রাক, একটি পিকআপ ভ্যান ও অফিস কক্ষের জানালার গ্লাস ভাংচুর করে।
এ সময় আশপাশের লোকজন ধাওয়া করে একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। পুলিশ তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পৌরসভার মেয়র মো. রমজান আলী বলেন, হামলায় পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে কী কারণে হামলা হয়েছে তা তিনি বলতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.
bdnews24