ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস উপলক্ষে গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কপথে দলের নির্মিত তোরণ ও ব্যানার পুলিশ খুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার রাতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান এ অভিযোগ করেন।
তিনি সাংবাদিকদের জানান, পুলিশ শুক্রবার রাতে বিএনপির এসব তোরণ-ব্যানার খুলে নিয়ে গেছে। জেলা পুলিশ প্রশাসনকে এ বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
আমান এ ঘটনার নিন্দা জানান।
তিনি আরো বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়ক পথে ৬০টি তোরণ ও ব্যানার নির্মাণ করে। এগুলোতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি টানানো ছিল। একইভাবে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিসহ শতাধিক তোরণ নির্মাণ করেছে। কিন্তু পুলিশ বিএনপির তোরণ-ব্যানার খুলে নিয়ে গেছে।
পুলিশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
ঢাকা জেলার (সাভার সার্কেল) সহকারী পুলিশ সুপার শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বিএনপির এ ধরনের কোনো তোরণ বা ব্যানার-ফ্যাস্টুন খুলে নেয়নি। এ ব্যাপারে সরকারি কোনো নির্দেশও আসেনি তাদের কাছে।
ওই সড়কের বিভিন্ন পয়েন্টে প্রধান বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের তোরণ বা ব্যানার-ফ্যাস্টুন ঠিকঠাক মতোই আছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১৫ ঘ.
bdnews24