রাজশাহী, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়ায় একটি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় এক রোগী মারা গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
পুলিশকে জানালেও তাতে গুরুত্ব না দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। তবে পুলিশ বলছে, এ ব্যাপারে কোনো অভিযোগ তারা পায়নি।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পুঠিয়ার রায়হানা ক্লিনিকে সালাউদ্দিন (৩০) নামের এ রোগীর মৃত্যু হয়। তিনি চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের সাবের আলীর ছেলে।
এ ঘটনায় রোগীর আত্মীয়-স্বজনরা সকালে ওই ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালাউদ্দিনের বড় ভাই বিপ্লব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অ্যাপেন্ডিসাইটিসের ব্যাথা নিয়ে ২১ মার্চ সালাউদ্দিনকে রায়হানা ক্লিনিকে ভর্তি করা হয়। ২২ মার্চ রাতে ক্লিনিকের চিকিৎসক ডা. নওশাদ আলী ও ডা. শাজাহান খান তার জরুরি অস্ত্রোপচার করেন।"
বিপ্লব হোসেন অভিযোগ করেন, অস্ত্রোপচারের পরে সালাউদ্দিন আরো অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে তার মূত্র বন্ধ হয়ে যায়। এ কথা ক্লিনিকের চিসিৎকদেরকে কয়েকবার জানানো হয়। কিন্তু তারা এতে গুরুত্ব দেননি।
এরপর বৃহস্পতিবার রাতে সালাউদ্দিনের অবস্থার অবনতি ঘটলে ডা. আব্দুর রশীদ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলে। শুক্রবার ভোরে হাসপাতালে নেওয়ার পথে সালাউদ্দিন মারা যায়।
বিপ্লব বলেন, "পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করা হলে পুলিশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য বলে দেয়।"
রায়হানা ক্লিনিকের সত্ত্বাধিকারী মোখলেসুর রহমান রাজু এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালাউদ্দিনের চিকিৎসার কোন অবহেলা করা হয়নি। ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগী মারা গেলে, কারো কিছু করার থাকে না।"
পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ক্লিনিকের সামনে জটলা করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।"
ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের প্রসঙ্গে ওসি বলেন, "মৃতের স্বজনরা লাশের ময়না তদন্ত করতে দেয়নি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৬২০ ঘ.
bdnews24