ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঙালির ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল কালরাত শুক্রবার।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী স্বাধীনতাকামী বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল হিংস্র হায়েনার মতো।
রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বাঙালি নেতৃত্বের সঙ্গে ১৬ মার্চ থেকে আলোচনার নামে নাটকের পর ২৫ তারিখ সন্ধ্যায় হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দিয়ে গোপনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে বিমানে ওঠেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান।
ওই রাতে পাকিস্তানী হানাদার বাহিনী পরিকল্পিতভাবে পূর্ণ সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরীহ বাঙালির ওপর। দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ 'অপারেশন সার্চলাইট'।
এই অভিযানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে বাঙালি হত্যার নীলনকশা বাস্তবায়নের পথ বেছে নেন ইয়াহিয়া।
পূর্ব পাকিস্তানের শোষিত-নিপীড়িত বাঙালির স্বাধীনতার দাবিকে স্তদ্ধ করে দিতে রাতের অন্ধকারে হত্যা করা হয় কয়েক হাজার নিরস্ত্র মানুষকে। মধ্যযুগীয় কায়দায় হানাদাররা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা ঢাকা শহরে চালায় ধ্বংসযজ্ঞ।
ওই রাতেই গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বন্দি হওয়ার আগে দেশকে শক্রমুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়তে দেশের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। পরে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাকে।
অনেকেই বঙ্গবন্ধুকে বাড়ি ছেড়ে যেতে বললেও তিনি যাননি। বঙ্গবন্ধু বলেছিলেন, "আমাকে না পেলে ওরা ঢাকা জ্বালিয়ে দেবে।"
তার দেখানো পথ ধরেই ওই কালরাতে পর শুরু হয় বাঙালির স্বাধীনতা যুদ্ধ। ৯ মাস সশস্ত্র লড়াইয়ের পর মুক্ত বাংলাদেশে উদিত হয় স্বাধীনতার সূর্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/০০৫৮ ঘ.
bdnews24