২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠিকাদারদের হাঙ্গামা: বরিশালে দরপত্রের লটারি স্থগিত

বরিশালে সরকার দলের সমর্থক ঠিকাদারদের হাঙ্গামার কারণে সেন্ট্রাল মেডিকেল ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে (সিএমএমইউ) কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও মেরামতের প্রায় ৮ কোটি টাকার ঠিকাদারী কাজের দরপত্রের লটারি স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

বরিশাল, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে সরকার দলের সমর্থক ঠিকাদারদের হাঙ্গামার কারণে সেন্ট্রাল মেডিকেল ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে (সিএমএমইউ) কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও মেরামতের প্রায় ৮ কোটি টাকার ঠিকাদারী কাজের দরপত্রের লটারি স্থগিত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে সিএমএমইউ কার্যালয়ে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টার দিকে সিএমএমইউ'র কার্যালয়ে এই লটারি হওয়ার কথা ছিলো। কিন্তু জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক হাসান মাহমুদসহ সরকার দলের সমর্থক অর্ধশত ঠিকাদার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে সকল কাজ তাদের অনুকূলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এসময় জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোয়াজ্জেম হোসেন চুন্নুর নেতৃত্বে এক দল ঠিকাদার লটারির পক্ষে অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়ায় অন্য ঠিকাদারদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে র‌্যাবের একটি দল সেখানে গিয়ে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। দুপুর একটার দিকে লটারির ড্র'র ব্যবস্থা করেন নির্বাহী প্রকৌশলী। এক পর্যায়ে লটারির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ঠিকাদাররা তা বন্ধ দাবিতে চেচামেচি শুরু করে। তখন উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে লটারি স্থগিত করেন নির্বাহী প্রকৌশলী। এর আগে গত ২৪ ফেব্র"য়ারি প্রায় তিন কোটি টাকার দরপত্রের লটারি নিয়ে সরকার দলীয় নেতাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে পুলিশ প্রহরায় লটারি সম্পন্ন হয়। জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক হাসান মাহমুদ বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "লটারির ড্র শুরু হওয়ার নির্ধারিত সময় দুপুর একটা পেরিয়ে গেলে বেশিরভাগ ঠিকাদার চলে যান। তাই আওয়ামী লীগের বদনাম যাতে না হয় সে লক্ষ্যে সকল ঠিকাদারের উপস্থিতিতে লটারি সম্পন্ন করার জন্য নির্বাহী প্রকৌশলীর প্রতি আহ্বান জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলী লটারি স্থগিত করেন।" ঠিকাদারদের মধ্যে উত্তেজনার কথা অস্বীকার করে সিএমএমইউ'র নির্বাহী প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দরপত্র আহ্বান কমিটির কয়েকজন সদস্য আসতে বিলম্ব করায় কিছু সময় লটারি বন্ধ রাখা হয়। পরে ড্র'র প্রক্রিয়া শুরু হলে তা বন্ধ করার জন্য ঠিকাদারদের তরফ থেকে আমাকে অনুরোধ করা হয়।" তিনি জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে লটারি স্থগিত করা হয়। আগামী রোববার ড্র অনুষ্ঠিত হবে। নির্বাহী প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার আরো জানান, বিভাগের ৬ জেলায় ৫০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও মেরামতের জন্য দুটি ভাগে ১০০ গ্র"পের দরপত্র আহ্বান করা হয়েছিল। এর মধ্যে জিওবি ফান্ডের ছিলো ২ কোটি ৩৫ লাখ টাকার মেরামতের ৫০ গ্র"প কাজ। ৫০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের (৫০ প্যাকেজ) জন্য বরাদ্ধ হলো ৫ কোটি ৪১ লাখ টাকা। জিওবি'র মেরামত কাজ ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজের দরপত্র জমা দানের শেষ তারিখ যথাক্রমে ১০ ফেব্র"য়ারি ও ২৩ ফেব্র"য়ারি পর্যন্ত এক হাজারেরও বেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র জমা পরে। যার মধ্যে জিওবি'র বিপরীতে ৭৬১ টি এবং কমিউনিটি ক্লিনিকের বিপরীতে ৩০৬ টি দরপত্র জমা পরে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক বড় কাজ। তাই ঠিকাদারদের সংখ্যাও ছিলো বেশি। এ কারণে ঠিকাদারদের নিজেদের মধ্যে একটু উত্তেজনার সৃষ্টি হয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।" তিনি জানান, পুরো সময় ধরেই পুলিশ ও র‌্যাব সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। লটারির গুটির মধ্যে একটু সমস্যা থাকায় ঠিকাদাররা ড্র মেনে নিতে অপরাগতা প্রকাশ করলে তা স্থগিত করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫২ ঘ.