২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন 'তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে সবিস্তারে আলোচনা হবে'

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে 'মিডনাইট ল' আখ্যায়িত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধান সংশোধন কমিটি এ বিষয়ে সবিস্তারে আলোচনা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে 'মিডনাইট ল' আখ্যায়িত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধান সংশোধন কমিটি এ বিষয়ে সবিস্তারে আলোচনা করবে। বৃহস্পতিবার কমিটির দ্বাদশ বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এ ব্যবস্থাটি বাতিলের পক্ষে মত দিয়ে আসছেন দলের প্রভাবশালী নেতারা। তবে বিরোধীদল এ ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ- সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের 'ষড়যন্ত্র' করছে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত এ বিষয়ে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এসেছে একটি বিতর্কিত সংসদের মাধ্যমে, যেখানে কোনো দল নির্বাচনে অংশ নেয়নি। এটাকে মিডনাইট ল' বলা হয়, এক দল একা একাই ১১ দিনের পার্লামেন্ট চালিয়েছে। "এখন সময় এসেছে। পুঙ্খানুপঙ্খভাবে তা দেখছি, বিবেচনা করছি। পরে এ নিয়ে সবিস্তারে আলোচনা করবো।" ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে তিনি বলেন, "আমরা কিছুই বাতিল করছি না। সংবিধানে যা আছে, ৭২-এ যে বিন্যাস আছে; সাংবিধানিক কাঠামোতেই সব থাকবে। এর বাইরে কিছু ভাবছি না।" কমিটির দ্বাদশ বৈঠক প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত জানান, বিশেষ কমিটি রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, মৌলিক অধিকার, স্থানীয় সরকার ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সম্পর্কিত সংবিধানের ধারাগুলো নিয়ে আলোচনা করেছে। "তবে আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে, সেগুলো নিয়ে গণমাধ্যমে সরাসরি কথা না বলার পক্ষে মত দিয়েছেন কমিটির সদস্যরা," যোগ করেন সুরঞ্জিত। তিনি বলেন, "এসব বিষয়ে আলোচনা করেই একটি জায়গায় আসবো। আমরা এগোচ্ছি। এর বেশি কিছু গণমাধ্যমে বলতে চাই না। পার্টিকুলারলি কথা বললে নানা রকম কথা আসে। এ নিয়ে জনমনে সংশয়ের সৃষ্টি হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৭১৮ ঘ.