গাইবান্ধা, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত পাঁচ জন ।
বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের জাহানারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আনোয়ারুল ইসলাম (৩৫) দিনাজপুরে কোতোয়ালি থানার করিমুল্যাপুর গ্রামের বাসিন্দা।
মহাসড়ক পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আবু সাঈদ সাংবাদিকদের জানান, সকাল ৭টার দিকে রংপুরগামী দিয়াশলাইভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দিয়াশলাই ভর্তি ট্রাকের চালক আনোয়ারুল মারা যায়।
আহত ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনার কারণে ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর পুনরায় যান চলাচল শুরু হয় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২০৪ ঘ.
bdnews24