চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাতুনগঞ্জের শতাধিক ব্যবসায়ীর প্রায় দুশ কোটি টাকা পাওনা রেখে পাঁচ ভাই পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এরা হলেন- মো. সাইফুল ইসলাম চৌধুরী (৫০), সাইফুল আজম চৌধুরী (৪৭), সাইফুদ্দিন চৌধুরী (৪০), সাইফুল্লাহ চৌধুরী (৩৬) এবং সাইফুল আলম চৌধুরী (৩২)।
এরা খাতুনগঞ্জের নুরুল আবছার চৌধুরী মার্কেটের মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ এবং মেসার্স চৌধুরী অ্যান্ড ব্রাদার্স নামের দুটি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী।
মঙ্গলবার রাত থেকে তারা আত্মগোপনে আছেন বলে একাধিক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেছেন।
এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের সংগঠন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বরাবর ওই পাঁচ ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী কোতয়ালী থানায় একটি মামলাও করেছেন।
ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত দুই দফায় বৈঠক করেছেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের নেতারা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেসার্স হোসাইন অ্যান্ড ব্রাদার্সের পরিচালক মো. হারুন মঙ্গলবার রাতে কোতয়ালী থানায় একটি মামলা করেছেন। এ ছাড়া অপর ব্যবসায়ী হাসান থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ওই দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে হোসাইন এন্ড ব্রাদার্সের ছয় কোটি ৮৭ লাখ ৪৮ হাজার টাকা পাওনা রয়েছে। মামলায় কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আনুমানিক ১৮৫ কোটি টাকা পাওনা রেখে ওই ব্যবসায়ীরা পালিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়।
মামলার বিষয়টি কোতয়ালী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর তদন্ত করছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করে বলেন, বাকিতে গমের ডি. ও. (ডেলিভারি অর্ডার) কিনে নির্ধারিত সময়ে বিক্রেতাদের কাছে টাকা পরিশোধ করেননি পাঁচজন।
খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, কত টাকা পাওনা রয়েছে সেই হিসাব এখনো পাওয়া যায়নি।
"তবে এখন থেকে বাকির পরিবর্তে নগদে লেনদেন এবং ১৫ দিনের মধ্যে ডি. ও. দেখিয়ে গুদাম থেকে পণ্য খালাস করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
অভিযুক্ত পাঁচ ব্যবসায়ী দেশে আছেন কি না এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।
প্রতারণার কোনো ঘটনা ঘটেনি দাবি করে ছগীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডি. ও. প্রথায় কিভাবে ব্যবসা পরিচালিত হবে তা নির্ধারণে বৈঠক হয়েছে।
"যেসব ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তারা দেশেই আছেন।"
ব্যবসায়ীদের অভিযোগ
ব্যবসায়ী সালাউদ্দিন খান, শাহজালাল, জাহাঙ্গীর আলম, মো. হারুন অভিযোগ করেন, নূরজাহান গ্র"পের প্রায় এক লাখ ১২ হাজার টন গমের ডি. ও. অন্য ১০ জন ব্যবসায়ীর কাছে বন্ধক রেখে দুই ভাই সাইফুল ইসলাম ও সাইফুল আজম সরে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাসান এন্ড ব্রাদার্সের মালিক মীর মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব ডি. ও. খাতুনগঞ্জের কিছু ব্যবসায়ীর কাছে বন্ধক রেখে ওই পাঁচ ভাই নগদ টাকা সংগ্রহ করেছেন। কিন্তু নূরজাহান গ্র"পের গমের ডি. ও.র বিপরীতে সময় মতো সরবরাহ না পাওয়ায় গমের দাম কমে যায়।
"এ কারণে বড় অংকের লোকসানের আশঙ্কায় বিপুল পরিমাণ টাকা নিয়ে তারা পালিয়ে গেছেন।"
ওই পাঁচ ভাইয়ের কাছ থেকে ব্যবসায়ী হাসান ৬ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার টাকা সমপরিমাণের ৩ হাজার ২৪০ টনের গমের ডি. ও. কিনেছিলেন।
ডিও'র বিপরীতে কোনো পণ্যই খালাস করতে পারেননি বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী জে. কে. ট্রেডিংয়ের মালিক জাহাঙ্গীর আলম বলেন, আমার কাছে ৩ হাজার টন গমের ডি. ও. বিক্রি করেছেন আত্মগোপনকারী ওই দুই ভাই।
ডি. ও.র বিপরীতে পণ্য দিতে না পারায় গত ২০ মার্চের তারিখে ইস্যু করা সমুদয় পাওনা টাকা পরিশোধ করার কথা থাকলেও ওইদিন সংশ্লিষ্ট ব্যাংকে দুই ভাইয়ের দেওয়া চেক জমা দিলে তাদের হিসাবে পর্যাপ্ত টাকা ছিল না।
মামলাকারী ব্যবসায়ী হারুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট ১১০টি প্রতিষ্ঠানের ১৮৫ কোটি টাকা পাওনা পরিশোধ না করে সরে পড়ায় ওই পাঁচ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২৫৬ ঘ.
bdnews24