২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়নাতদন্তে সিভিল সার্জনের গাফিলতি ছিলো

হেনা আক্তারের লাশের প্রথম ময়নাতদন্তে শরীয়তপুর সিভিল সার্জনের গাফিলতি ছিলো, বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেনা আক্তারের লাশের প্রথম ময়নাতদন্তে শরীয়তপুর সিভিল সার্জনের গাফিলতি ছিলো, বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফতোয়ার পর নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া হেনা আক্তারের লাশের দুই ময়নাতদন্তের অমিল তদন্ত করে বুধবার দেওয়া প্রতিবেদনে এ কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। একইসঙ্গে দ্বিতীয় ময়নাতদন্তটি ঠিক বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খন্দকার মো. শেফায়েত উল্লাহের নেতৃত্বে সাত সদস্যের কমিটি এই প্রতিবেদন তৈরি করেছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে আরেকটি প্রতিবেদন দিয়েছেন শরীয়তপুর পুলিশ সুপার। গত ২৪ জানুয়ারি শরিয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে শালিসে দেওয়া ফতোয়ার পর নির্যাতনের শিকার হেনা আক্তার (১৪) গত ৩১ জানুয়ারি মারা যায়। হেনার লাশের দুই ময়নাতদন্ত প্রতিবেদনের অমিল তদন্তে গত ১০ ফেব্র"য়ারি নির্দেশ দেয় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে ব্যবস্থা নিতে বলা হয় নড়িয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। প্রথম ময়নাতদন্তে হেনার দেহে কোনো নির্যাতনের চিহ্ন না পাওয়ার কথা বলা হলে হাইকোর্টের নির্দেশে ঢাকায় নতুন ময়নাতদন্ত হয়। এতে হেনাকে নির্যাতনের প্রমাণ মেলে। 'সিভিল সার্জনের গাফিলতি ছিলো' বুধবার দুটি প্রতিবেদন পেয়েছেন বলে জানিয়েছেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের সরকারি আইন কর্মকর্তা এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এ বি এম আলতাফ হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরবর্তী শুনানির দিন তা সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে। আলতাফ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনটিতে দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদনকে সঠিক বলেছে। প্রথম তদন্তে শরীয়তপুর সিভিল সার্জনের [গোলাম সারওয়ার] গাফিলতি ছিলো বলে উল্লেখ করা হয়। "তবে তদন্তের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়নি।" 'আঘাত না থাকার উল্লেখ ইচ্ছাকৃত' শরীয়তপুর মেডিকেল কলেজে হেনা সেখানকার আবাসিক চিকিৎসক নির্মল চন্দ্র দাসের অধীনে চিকিৎসাধীন ছিলেন। স্বস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, চিকিৎসার সময়ে তিনি হেনার শরীরের জখমগুলি লিপিবদ্ধ করেন। পরবর্তীতে তার নেতৃত্বেই গঠিত হয় প্রথম ময়নাতদন্ত কমিটি। "এই কমিটি হেনার শরীরে কোনো আঘাত নেই বলে সর্বসম্মত সিদ্ধান্ত দেয়।" প্রথম ময়না তদন্তে ডা. নির্মল চন্দ্র দাসের সঙ্গে আরো ছিলেন একই হাসপাতালের চিকিৎসক হোসনে আরা বেগম ও রাজেশ মজুমদার। চিকিৎসকরা ইচ্ছাকৃতভাবে হেনার শরীরে আঘাত নেই উল্লেখ করেছেন- এ কথা উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়ায় শরীয়তপুরের জেলা সিভিল সার্জনের গাফিলতি প্রমাণিত যা মেডিকেল নৈতিকতার পরিপন্থি। "চিকিৎসার সময়ে দুটি জখম উল্লেখ ছিলো। দ্বিতীয় ময়নাতদন্তে শব ব্যবচ্ছেদের মাধ্যমে আরো ছয়টি জখম পাওয়া যায়।" তদন্ত কমিটির সুপারিশ প্রথম ময়নাতদন্তে সংশ্লিষ্টদের গাফিলতির কথা উল্লেখ করে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। সুপারিশে বলা হয়, ইদানিং এ ধরণের বিভ্রান্তিমূলক ময়নাতদন্ত প্রতিবেদন মাঝেমাঝে দেখা যাচ্ছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উপযুক্ত প্রশিক্ষণের অভাবই এর মূল কারণ। "এ জন্য ওই চিকিৎসকদের নিকটস্থ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে এক মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত।" পুলিশের তদন্ত প্রতিবেদন হেনা আক্তার নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিয়েছে শরীয়তপুরের সহকারি পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি। এতে বলা হয়, নড়িয়া থানার উপপরিদর্শক মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা হেনার সুরতহালে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করেছেন এবং মৃতদেহ পর্যবেক্ষণে অদক্ষতার পরিচয় দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা মির্জা আবুল কালাম আজাদ বাদিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে ধর্ষণের বিষয়টি এজাহারভুক্ত করতে পারেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। "বর্ণিত এজাহার লেখার পর তা বাদিকে পড়ে শোনাননি।" এ দুজনের বিরুদ্ধ বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন, আসামিদের মাধ্যমে প্রভাবিত হওয়া, দায়িত্ব অবহেলা বা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১৫৩ ঘ.