ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষে সংশোধিত প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, ২০১১ সংসদে পাস হয়েছে।
বুধবার আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
এর আগে বিলটির ওপর আনা বিরোধী দলের জনমত যাচাই এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১১-এ প্রশাসনিক ট্রাইব্যুনালের কার্যক্রম পরিদর্শনের বিধান এবং ট্রাইব্যুনালের তিন সদস্যের মধ্যে যেকোনো দুইজনের উপস্থিতিতে রায় প্রদানের বিধান রাখা হয়েছে।
এ আইনের আওতায় প্রশাসনিক ট্রাইব্যুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে। একজন চেয়ারম্যান ও দুইজন সদস্য নিয়ে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল গঠিত হয়।
এ আইনে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালকে প্রশাসনিক ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে।
বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ট্রাইব্যুনালের কোনো সদস্য অনুপস্থিত থাকলেও চেয়ারম্যান ও অপর সদস্য মামলার শুনানি গ্রহণ ও রায় দিতে পারবেন।
গত বছরের ৬ ডিসেম্বর বিলটি সংসদে উত্থাপিত হয়।
বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এর কোনো সদস্য অনুপস্থিত থাকলেও চেয়ারম্যান ও অপর সদস্য যাতে মামলার শুনানি গ্রহণ ও রায় দিতে পারেন সেজন্য বিদ্যমান বিধান সংশোধন, এক প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে অন্য প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর সংক্রান্ত বিধানকে আরো সুনির্দিষ্টকরণ, প্রশাসিক ট্রাইব্যুনালের কাজ পরিদর্শনের লক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট প্রণয়ণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০২৫ ঘ.
bdnews24