চাঁদপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামী পিটিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে কাদলা গ্রামের মনগাজী হাজী বাড়িতে নিহত হন গৃহবধূ রিমা (২৩)।
পুলিশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত রিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
রিমার পরিবার জানিয়েছে, কাদলা গ্রামের শামীমের (২৮) সঙ্গে ৭/৮মাস আগে মতলব দক্ষিণ উপজেলার পয়ালী গ্রামের রীমার বিয়ে হয়। এরপর থেকেই শামীম নানা অজুহাতে স্ত্রীকে মারধর করত।
ঘটনার আগের রাতেও রীমাকে সে ঘরের দরজা বন্ধ করে মারধর করে।
রিমার বড়ভাই ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে শামীম বিদেশ যাওয়ার জন্য রিমাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলে। এ নিয়ে তাকে মারধরও করে।
তিনি রীমাকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৪ ঘ.
bdnews24