২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরে তলিয়ে গেছে আড়াই হাজার একর ফসলি জমি

সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় আগাম পাহাড়ী ঢল ও অতি বৃষ্টিতে বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে প্রায় আড়াই হাজার একর ফসলি জমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় আগাম পাহাড়ী ঢল ও অতি বৃষ্টিতে বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে প্রায় আড়াই হাজার একর ফসলি জমি। এরমধ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই হাজার একর এবং নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় প্রায় পাঁচশ একর বোরো ধানের জমি তলিয়ে গেছে বলে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এদিকে নেত্রকোনায় হাওরের বাঁধ দ্রুত মেরামতের দাবি জানিয়েছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- সুনামগঞ্জ: মঙ্গলবার সকালে তাহিরপুরে উত্তর শ্রীপুর ইউনিয়নের ঘনিয়কুড়ি হাওরের বাঁধ ভেঙ্গে প্রায় ২ হাজার একর জমি তলিয়ে যায়। উত্তরশ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমির আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘনিয়কুড়ি হাওরের বাঁধ মেরামতে সরকারি বরাদ্ধ ছিল না। ঝুকিঁপূর্ণ কিছু অংশে ব্যক্তিগতভাবে কিছু কাজ করেছিলাম। কিন্তু আগাম পাহাড়ী ঢল ও অতি বৃষ্টিতে মঙ্গলবার বাঁধ ভেঙ্গে জমি তলিয়ে যায়। হাওরের কয়েক গ্রামের কৃষকের প্রায় ২ হাজার একর ধানের জমি তলিয়ে গেছে বলে আমির আলী জানান। উত্তরশ্রীপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁধ মেরামত না করায় ফসলি জমি তলিয়ে গেছে। ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। গোলাবাড়ি গ্রামের কৃষক আহমদ মিয়া বলেন, "বাঁধ ভেঙ্গে আমার সব ধানি জমি তলিয়ে গেছে। গত বছরও এক ছটাক ধান গোলায় তুলতে পারিনি। এবছরও তাই হলো। এখন সারা বছর না খেয়ে থাকতে হবে।" সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাওরের বাঁধ ভাঙ্গার বিষয়ে আমি খোঁজ নিচ্ছি।" নেত্রকোনা: জেলার ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত দু'দিনে খালিয়াজুরীতে বাঁধ ভেঙ্গে এলাকায় প্রায় পাঁচশ' একর ফসলি জমি তলিয়ে গেছে। এলাকাবাসী বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জেলার মোহনগঞ্জ, খালিয়াজুরী ও মদন উপজেলার বেশ কয়েকটি হাওরের ফসল হুমকির মুখে রয়েছে। এলাকাবাসী জানান, শনিবার থেকে পাহাড়ী ঢলে ধনু নদীতে পানি বাড়ায় মোহনগঞ্জের চরহাইজদ্যা বেড়ী বাঁধের কির্ত্তনখোলা, পায়রা, হাসেনকোনা, লেপসিয়া, নগরখোলা, নাওটানা পয়েন্টে পানি প্রবেশ করতে শুরু করেছে। এজন্য তারা পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে বলেন, "ঠিকাদাররা বাঁধ মেরামতের কাজ যথাসময়ে করেনি। এজন্যই আগাম ঢলে ফসলি জমি তলিয়ে যাচ্ছে।" নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীর পানি কিছুটা বেড়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে মাটির বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ-এর একটি পর্যবেক্ষক দল দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়েছে। সোমবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে তারা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় তারা মোহনগঞ্জের চরহাইজদা বাঁধ মেরামতে অনিয়মের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, প্রায় ৩১ কিলোমিটার দৈর্ঘ্যরে চরহাইজদা বাঁধ হাওড় এলাকার অনেক কৃষকের ফসল রক্ষা করে। বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৩ মার্চ থেকে কোটি টাকা ব্যয়ে বাঁধের সংস্কার কাজ শুরু হয়। যা আগামী ৩১ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু কাজের অগ্রগতি নেই বললেই চলে। পাঁচটি ঠিকাদারী প্রতিষ্ঠান 'নামমাত্র' কাজ করছে। সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষক দলের সদস্য অধ্যাপক মতীন্দ্র সরকার, সুরজিত কুমার ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, গত বছরও আগাম বন্যায় ওই বাঁধ ভেঙ্গে কৃষক সর্বশান্ত হয়েছিলো। এবছরও তার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৩৯ ঘ.