ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের অভিজ্ঞতা এবং স্মৃতি নিয়ে তৈরি হচ্ছে 'মুক্তিযোদ্ধা ভিজ্যুয়াল আর্কাইভ'।
আর্কাইভ তৈরিতে উদ্যোগ নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান 'সেক্টর ১২'।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এই আর্কাইভ তৈরির কথা জানান।
সেক্টর-১২ এর প্রতিষ্ঠাতা সদস্য ফাহিম হাসান পিয়াল সংবাদ সম্মেলনে বলেন, "এ দেশে চিকিৎসক, প্রকৌশলী কিংবা নোবেল বিজয়ী হয়তো জন্মাবে কিন্তু একজন মুক্তিযোদ্ধা আর জন্মাবে না। এই বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি এবং আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এ উদ্যোগ নিয়েছে সেক্টর-১২।
সম্মেলনে বক্তারা জানান, প্রতিষ্ঠানটি দেশের ২০টি জেলা থেকে প্রায় ৬০০ জীবিত মুক্তিযোদ্ধার ভিডিও চিত্র সংগ্রহ করে 'মুক্তিযোদ্ধা ভিজ্যুয়াল আর্কাইভ' তৈরির কাজ শুরু করেছে। পরবর্তীতে প্রত্যেক জেলা, থানা ও ইউনিয়ন থেকে আরো মুক্তিযোদ্ধার ভিডিও চিত্র সংগ্রহ করে তা আর্কাইভে সংযোজন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেক্টর-১২ এর প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুল হক, মুশফেক মনজুর প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এলএন/কেএমএস/১৭৪১ ঘ.
bdnews24