২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কলঙ্ক মোচন'

সামরিক আদালতে কর্নেল তাহেরের বিচার অবৈধ ঘোষণার রায়ে সন্তোষ প্রকাশ করে এ মুক্তিযোদ্ধার স্ত্রী লুৎফা তাহের বলেছেন, এর মধ্য দিয়ে তার স্বামীর দেশদ্রোহিতার কলঙ্ক মোচন হলো। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক আদালতে কর্নেল তাহেরের বিচার অবৈধ ঘোষণার রায়ে সন্তোষ প্রকাশ করে এ মুক্তিযোদ্ধার স্ত্রী লুৎফা তাহের বলেছেন, এর মধ্য দিয়ে তার স্বামীর দেশদ্রোহিতার কলঙ্ক মোচন হলো। ১৯৭৬ সালে সামরিক আদালতে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের গোপন বিচার অবৈধ ছিলো বলে মঙ্গলবার রায় দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, তাহের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার। আর এর পরিকল্পনাকারী ছিলেন জিয়াউর রহমান। রায়ের পর লুৎফা সাংবাদিকদের বলেন, "তাহেরকে গত ৩৫ বছর ধরে দেশদ্রোহিতার কলঙ্কে চিহ্নিত করা হতো। তার স্ত্রী হিসেবে আমিও সেই কলঙ্ক বয়ে বেড়িয়েছি এই ৩৫ বছর। আজ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, তিনি একজন মহান দেশপ্রেমিক ও সম্মানিত মানুষ ছিলেন।" তাহেরকে শহীদ মর্যাদা দেওয়ার পাশাপাশি কথিত সামরিক আদালতের বিচারকের বিরুদ্ধে খুনের মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে। "তার ওপর দেশদ্রোহিতার অভিযোগ আমি এক মুহূর্তের জন্যও বিশ্বাস করিনি। আজকের এই সময়ের জন্য ৩৫ বছর ধরে আমি অপেক্ষা করেছি," বলেন লুৎফা। 'মরণোত্তর বিচার' কর্নেল তাহেরের ভাই ও ওই মামলায় সহ-অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন রায়ের পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কনফারেন্স কক্ষে বলেন, "আদালতের রায়ের মাধ্যমে স্বৈরশাসক জিয়া খুনী হিসাবে চিহ্নিত হয়েছেন। যথাযথ আইন না থাকায় ওই অপরাধের বিচার সম্ভব হয়নি।" উপস্থিত সংসদ সদস্য হাসানুল হক ইনুকে উদ্দেশ করে তিনি বলেন, "সংসদে এমন একটি আইন করুন, যাতে মৃত্যুর মাধ্যমে কেউ অপরাধ থেকে দায়মুক্তি পেয়ে না যায় এবং জিয়ার মতো অপরাধীদের বিচার করা যায়।" "অপরাধ বিবেচনায় যে কোনো সময়ই যেন তাকে বিচারের মুখোমুখি করা যায়। প্রয়োজনে মরোণোত্তর বিচারও করা যেতে পারে", বলেন তিনি। আনোয়ার হোসেন বলেন, "আজকের এ সময়টার জন্য শুধু আমাদের পরিবার নয়, সারাদেশের মানুষ অপেক্ষায় ছিলো। ঐতিহাসিক এক রায়ে আজ সবার অপেক্ষার পালা শেষ হয়েছে।" 'কলঙ্ক থেকে মুক্তি' তাহেরের সন্তান জয়া তাহের নীতু ও আবু কায়সার যিশু বলেন, এতদিন তাদের 'দেশদ্রোহিতার কলঙ্ক তিলক' ধারণ করতে হয়েছে। আদালত এই রায়ের মাধ্যমে একজন মুক্তিযোদ্ধাকে, একজন দেশপ্রেমিককে ওই কলঙ্ক থেকে মুক্তি দিয়েছে।" নীতু ও যিশু পেশায় সফটওয়্যার প্রকৌশলী। নীতু থাকেন দুবাইয়ে, আর যিশু সিঙ্গাপুর। তাহেরের অপর সন্তান আবু আহসান শিশু লন্ডনের সাসেক্স ইউনিভাসিটি থেকে নৃবিজ্ঞান বিষয়ে মাস্টার্স শেষ করেছেন। ইনুর প্রতিক্রিয়া তাহেরের সেই মামলার সহঅভিযুক্ত জাসদের সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, "গোপন সামরিক আদালতে তাহেরের বিচার অবৈধ ঘোষণার মাধ্যমে প্রমাণিত হলো অপরাধ করে লুকিয়ে রাখা যায় না। একদিন না একদিন তা প্রকাশিত হবেই। "আমরা এতোদিন বলেছি, জিয়া তাহেরকে ঠাণ্ডা মাথায় খুন করেছে। আজ আদালতের রায়ের মাধ্যমে সেই দাবির সত্যতা প্রমাণিত হলো।" আ স ম রবের প্রতিক্রিয়া কর্নেল তাহেরের গোপন বিচারকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট একটি দুঃসাহসিক কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। মঙ্গলবার বিকেলে নোয়াখালীতে পল্লী উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র (বিআরডিবি) ভবনে সাংবাদিকদের তিনি বলেন, "এটি একটি ঐতিহাসিক রায়। এ রায়ের মাধ্যমে হাইকোর্ট একটি দুঃসাহসিক কাজ করলো।" এ রায় আইন-আদালতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পূর্বকথা ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যূত্থান-পাল্টা অভ্যূত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোরে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের গত বছরের অগাস্টে রিট আবেদন করেন। ওই সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফও আলাদা রিট আবেদন করেন। হাইকোর্ট এসব আবেদনের ওপর মঙ্গলবার রায় ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/জেকে/২০১২ ঘ.