রাজশাহী, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে মাইক্রোবাস চালককে অপহরণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- চণ্ডিপুর এলাকার রাসেল (২৫) ও টনি (২৪), ভেড়িপাড়া এলাকার নাজমুল (২৪) এবং ভাটাপাড়া এলাকার মুরাদ (২৬)।
পুলিশ জানায়, সোমবার বিকালে নগরীর ভাটাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত জীবন হোসেনকে (২৮) উদ্ধার করা হয়।
মহানগর ডিবি পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে চার যুবক মোটরসাইকেলে করে জীবনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পরে অপহরণকারী দলের সদস্য নাজমুলের ভাটাপাড়া এলাকার বাড়িতে তাকে আটকে রেখে মোবাইল ফোনে জীবনের মা আকলিমার কাছে ৪৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।
সোমবার সকালে জীবনের মা আকলিমা মহানগর ডিবি পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন।
গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কার্যালয় থেকে পরে তাদের বোয়ালিয়া থানায় পাঠানো হয়।
তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় জীবনের মা আকলিমা বেগম বোয়ালিয়া থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24