ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করেছেন ক্ষমতাসীন মহাজোটের সাংসদ রাশেদ খান মেনন।
মেনন মনে করেন, আমলারা নিজেদের স্বার্থ রক্ষায় দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন করেছেন।
"দুর্নীতি দমন কমিশনকে ঠুঁটো জগন্নাথ করে দেওয়া ঠিক হবে না। আমলারা নিজেদের স্বার্থ রক্ষায় আইন করেছে। সংসদে এই আইন পাশ করা ঠিক হবে না।"
দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলেও মন্তব্য করেন রাশেদ খান মেনন।
তিনি বলেন, ড. ইউনূসকে নিয়ে আলোচনা হচ্ছে। আজ মার্কিন আন্ডার সেক্রেটারি চলে আসছে ইউনূসের পক্ষ নিতে। অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ কাম্য নয়। আমরা বাংলাদেশকে অন্যের চারণ ভূমি হতে দিতে চাই না।
জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে বক্তব্য দিচ্ছিলেন মেনন।
কয়লা নিয়ে ক্ষোভ প্রকাশ
ফুলবাড়ি কয়লা খনি থেকে কয়লা উত্তোলন প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মেনন বলেন, বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষা করে ফুলবাড়ি কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করতে চাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা কথা দিয়েছেন- তা উইকিলিকস তা ফাঁস করে দিয়েছে।
"বহুজাতিক তেল কোম্পানিগুলোর চারণক্ষেত্রে পরিণত হয়েছে আমাদের জ্বালানি খাত। বিদেশি পাসপোর্ট ও চাকরি নিয়ে এই সমস্ত উপদেষ্টারা চলে যাবেন। আর, রাজনীতিবিদদের এর দায় নিতে হবে।"
মন্ত্রিসভায় সমন্ব^য় নেই দাবি করে মেনন বলেন, অর্থমন্ত্রী সিন্ডিকেট দেখেন। আর, বাণিজ্যমন্ত্রী তা দেখেন না। মন্ত্রীদের মধ্যে এই সমন্বয়হীনতা দূর করতে হবে।
"শেয়ার বাজারে বিএনপি-আওয়ামী লীগ নেই, আছে লুটেরার দল। তারা জনগণের টাকা লুট করেছে।"
বিদ্যুত সমস্যা প্রসঙ্গে মেনন বলেন, পিকিং পাওয়ার প্লান্ট কোনো কাজে আসছে না। লোডশেডিং আরো বাড়বে, জনগণের মধ্যে ক্ষোভও বাড়বে।
বিচারবহির্ভূতত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়ে রাশেদ খান মেনন বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে না পারলে বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়ে যাবে।
লিবিয়ায় বহুজাতিক বাহিনীর হামলার নিন্দা জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রধান মেনন বলেন, মধ্যপ্রাচ্যের তেলের জন্য লিবিয়াকে আরেকটি ইরাক হতে দেওয়া যাবে না।
বিরোধী দলের সমালোচনা
বিরোধী দলের সমালোচনা করে মেনন বলেন, আদালতের রায়ে পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় বিএনপি সংবিধান শূন্যতার কথা বলছে।
"কারণ, পঞ্চম সংশোধনী বিএনপির প্রাণভোমরা। বিএনপি-জামায়াতের রাজনীতির সূচনা এ সংশোধনীর মাধ্যমেই। যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয় পঞ্চম সংশোধনী করে।"
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যূনাল আন্তর্জাতিক মানসম্মত নয় বলে বিরোধী দলের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, জিয়াউর রহমানের সময় সামরিক ট্রাইবুনাল কোন্ আন্তর্জাতিক মানের ছিল? কর্নেল তাহেরকে যে ট্রাইবুনালের মাধ্যমে হত্যা করা হয় সেটা কোন্ মানের ছিল।
"বিরোধীদলীয় নেত্রী বলেছেন, কিছু একটা ঘটতে পারে। তাহলে সেটা কী? অবৈধ বাড়ি থেকে উচ্ছেদ হয়ে তিনি চোখের পানিতে রুমাল ভিজিয়েছিলেন। এখন বড় বড় কথা বলছেন। এত সাহস তিনি পেলেন কোথায়?"
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরো বক্তব্য দেন, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম, সরকার দলীয় সাংসদ ফজলে নূর তাপস, বি এম মোজাম্মেল হক, সুকুরাম রঞ্জন ঘোষ, শেফালী মমতাজ, সাধন চন্দ্র মজুমদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩০৬ ঘ.
bdnews24