২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমদাদের বাড়িতে আনন্দের বন্যা

এমভি জাহান মণি'র নাবিক এমদাদ হোসেনের বাড়িতে আনন্দের বন্যা বইছে এখন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

চাঁদপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমভি জাহান মণি'র নাবিক এমদাদ হোসেনের বাড়িতে আনন্দের বন্যা বইছে এখন। বাবা-মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন তাদের প্রিয় মানুষটির মুখ দেখতে, কথা বলতে আর ছুঁয়ে দেখতে। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার চর হোগলা গ্রামে এমদাদ হোসেনের বাড়ি। সোমবার রাতে তাদের বাড়ি গিয়ে দেখা গেছে বৃদ্ধা মা আক্তারের নেছা জায়নামাজে বসে সন্তানের জন্য দোয়া করছেন। বাবা মাওলানা মাঈনউদ্দিন মসজিদে যাওয়ায় দেখা হয়নি। স্ত্রী আলেয়া আক্তার সন্তানদের নিয়ে ঘরদোর গোছাচ্ছেন। সবার মধ্যে যেন একটি উৎসবের আমেজ। আলেয়া জানান, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে এমদাদ হোসেন বাড়ি পৌঁছবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার কথা রয়েছে। জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি জাহান মণির নাবিকরা দেশে ফিরেছেন। ওমান এয়ারওয়েজের একটি ফ্লাইটে জাহান মণির নাবিকরা ওমানের সালালা থেকে সোমবার বিকাল তিনটা ২৮ মিনিটে সরাসরি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। যাদের বাড়ি চট্টগ্রাম শহরের বাইরে তারা আগ্রাবাদে হোটেল সেন্ট মার্টিনে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৫ ঘ.