২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে চীনা ব্যবসায়ীদের সাক্ষাৎ

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। রোববার দুপুরে চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে মত বিনিময়ে সাত সদস্যের চীনা বাণিজ্য প্রতিনিধি দল এ আগ্রহ দেখায়। চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সফররত প্রতিনিধি দলের নেতা ওয়েং ইয়ংজি বলেন, বাংলাদেশ আকর্ষণীয় ও সম্ভাবনাময় বিনিয়োগ স্থান। এছাড়া ভৌগোলিক নৈকট্যের কারণে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনীতি ও সংস্কৃতিতে গভীর সম্পর্ক রয়েছে। তিনি গভীর সমুদ্রবন্দর, জাহাজ নির্মাণ, পর্যটন খাত, শিল্পপার্কসহ অবকাঠামোগত উন্নয়নে সরকারি বেসরকারি অথবা যৌথ বিনিয়োগে চীন আগ্রহী বলে সভায় জানান। বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীন সরকারের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন চীনের বেসরাকরি খাত বিষয়ক উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান ওয়েং ইয়ংজি। সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম দুইদেশের বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশি রপ্তানিযোগ্য পণ্য চীনা বাজারে অবাধ প্রবেশে প্রতিনিধি দলের সদস্যদের অনুরোধ জানান। চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম চীনা ব্যবসায়ী প্রতিনিধি দলকে চট্টগ্রামে একটি বিশেষায়িত ইপিজেড স্থাপনের জন্য অনুরোধ জানান। সভায় চীনা প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, বর্তমান সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, পরিচালক মোহাম্মদ শাহীন আলম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৫৮ ঘ.