সাভার, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ভাতা নিয়ে সৃষ্ট ঘটনায় সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনে 'আমরা অ্যাপারেলস লিমিটেডে' এ ঘটনা ঘটে।
এ সময় কারখানার এক কর্মকর্তাকে মারধরও করা হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে শ্রমিকদের বেতন ও বকেয়া ভাতার ব্যাপারে কথা বলতে প্রোডাকশন ম্যানেজার শহিদুল ইসলাম যান মহাব্যবস্থাপক আব্দুল মান্নানের কাছে। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এদিকে বাইরে প্রচার হয়- মহাব্যবস্থাপক প্রোডাকশন ম্যানেজারকে মারধর করেছেন। এরপর শ্রমিকরা মহাব্যবস্থাপক আব্দুল মান্নানকে মারধর করে।
তারা তার অফিসসহ কারখানার মূল্যবান সামগ্রী ভাংচুর এবং আব্দুল মান্নানের অপসারণ দাবি করে।
পরে আশুলিয়া থানা ও শিল্প পুলিশ এসে আব্দুল মান্নানকে উদ্ধার করে বেপজা হাসপাতালে পাঠায়।
এদিকে পুলিশের সঙ্গে আলোচনার পর সমঝোতার আশ্বাস দিলে বিকাল ৩টা থেকে শ্রমিকরা কাজে যোগদান করে।
হামলা ও ভাংচুরের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় অভিযোগ করবেন বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২২ ঘ.
bdnews24