২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ার স্মরণে বিএনপি'র শোকসভা মঙ্গলবার

দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্মরণে আগামী মঙ্গলবার শোকসভা করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্মরণে আগামী মঙ্গলবার শোকসভা করবে বিএনপি। বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই শোকসভার আয়োজন করা হয়েছে। গত বুধবার ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেলোয়ার মারা যান। শনিবার বিকালে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের খিউর পাচুরিয়ায় পাবিরবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে প্রয়াত এই নেতার স্মরণে রোববার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ছাত্রদল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইলিয়াস আলী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ অংশ নেন। ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল অনুষ্ঠান পরিচালনা করেন। পরে প্রয়াত দেলোয়ারের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৪৪