চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের একদিন আগে সোমবার দেশে ফিরছেন জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি জাহান মণির নাবিকরা।
মঙ্গলবার তাদের ওমান থেকে ফেরার কথা থাকলেও আনুষঙ্গিক কাজ শেষ হওয়ায় তারা আগে ফিরছেন বলে জানিয়েছে জাহাজের মালিক প্রতিষ্ঠান।
ব্রেভরয়েল শিপিং ম্যানেজম্যান্ট লিমিটেডের মেরিন সুপারিটেন্ডেন্ট ক্যাপ্টেন গোলাম মোস্তফা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্ত নাবিকরা সুস্থ থাকায় এবং ওমানে আনুষঙ্গিক কাজ দ্রত শেষ হওয়ায় একদিন আগেই তারা দেশে ফিরছেন।
সোমবার ওমান এয়ারওয়েজের একটি ফ্লাইটে চড়ে নাবিকরা বাংলাদেশ সময় বেলা ৩টা ৫ মিনিটে সরাসরি চট্টগ্রাম পৌঁছাবেন বলে জানান তিনি।
মুক্ত হওয়া নাবিকরা বর্তমানে ওমানের সালালা বন্দর সংলগ্ন একটি আবাসিক হোটেলে রয়েছেন। শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে জাহান মণি ওই বন্দরে পৌঁছায়।
গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগরে সোমালি জলদস্যুরা গ্রিসগামী বাংলাদেশি জাহাজ জাহান মণি ছিনতাই করে। নিকেল ভর্তি এ জাহাজে ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রী ছিলেন।
ছিনতাইয়ের ১০০ দিনের মাথায় গত ১৪ মার্চ তাদের মুক্তি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৪০ ঘ.
bdnews24