বরগুনা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলীতে বাসচাপায় নিহত হয়েছেন সাত জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর মিছিলে বাসটি উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
আমতলী-পটুয়াখালী সড়কের সিকদার বাড়ি এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজিব (২২), আব্দুল হাকিম ফকির (৫৫), আব্দুর রব তালুকদার (৪০), আবু বকর খান (৫০), আবু জাফর (৪০), আবদুল বারেক হাওলাদার (৭০) ও জালাল জোমাদ্দার (৪০)।
তারা সবাই আমতলীর চাওড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান বাদল খানের সমর্থক ছিলেন।
মোহাম্মদ আবু সাইদ ও নুরুল ইসলাম সিকদার নামে প্রত্যক্ষদর্শী দুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদল খানের সমর্থকরা মিছিল নিয়ে উঠান বৈঠকের জন্য যাচ্ছিলো। ওই সময় ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিছিলে ঢুকে পড়ে।
আমতলী থানার উপপরিদর্শক মো. খায়রুজ্জামান সাংবাদিকদের বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই পাঁচ জন মারা যায়। অন্য দুজন মারা যায় হাসপাতালে।
বাসটি আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.
bdnews24