২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিশূন্য তিস্তা: বোরো উৎপাদন ব্যাহতের আশঙ্কা

সেচের পানির অভাবে অনিশ্চয়তার মুখে পড়েছে তিস্তা সেচ প্রকল্পের ৭৫ হাজার হেক্টর জমির বোরো উৎপাদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

নীলফামারী, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেচের পানির অভাবে অনিশ্চয়তার মুখে পড়েছে তিস্তা সেচ প্রকল্পের ৭৫ হাজার হেক্টর জমির বোরো উৎপাদন। সরেজমিনে দেখা গেছে, পানি শূন্য তিস্তা নদীর বুক চিরে জেগে উঠেছে অসংখ্য চর। স্থানীয়রা জানিয়েছেন- গত ১৫ দিন ধরেই এ অবস্থা। এর ফলে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট বন্ধ করে রেখেও নেওয়ার মতো পানি প্রধান রেগুলেটরে পাওয়া যাচ্ছে না। সেচ নালায় পানি না থাকায় তারা বোরো ক্ষেতে পানি সরবরাহ পাচ্ছে না। অনেক ক্ষেত শুকিয়ে চৌচির হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশন অফিস জানিয়েছে, চলতি বোরো মৌসুমের শুরু থেকে ডালিয়া ব্যারেজ পয়েন্ট তিস্তা নদীতে পানি প্রবাহ ছিলো প্রতিদিন গড়ে সাত হাজার কিউসেক। তবে গত ১৫ দিন থেকে তিস্তা নদীতে পানি না থাকায় সেচ প্রকল্পের বিভিন্ন নালায় জমে থাকা পানি প্রায় শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। বিভিন্ন সেচনালাতে জমে থাকা পানি দিয়ে কোনো রকমে সেচ সরবরাহ চালানো হচ্ছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে তিস্তায় পানি পাওয়া না গেলে বিভিন্ন নালায় জমে থাকা পানির মজুদও প্রায় শেষ হয়ে যাবে। এ অবস্থায় করণীয় সম্পর্কে জানতে চাওয়া হলে নদীতে পানি প্রবাহ না থাকার কথা এড়িয়ে যান পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী গোলাম মোস্তফা। তিনি বলেন, ১৬ মার্চ প্রকল্পের রংপুর, বগুড়া ও দিনাজপুর ক্যানেল পরিদর্শন করেছি। বিভিন্ন ক্যানেলে যে পরিমান পানি মজুদ রয়েছে তা দিয়ে বোরো ক্ষেতে সেচ দেওয়া সম্ভব। এজন্য বিভিন্ন ক্যানেলের গেটগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। পানি নিয়ে কমান্ড এরিয়ার কৃষকদের উদ্বিগ্ন বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। জমে থাকা পানি দিয়ে কাঙ্খিত ফলন অনায়াসে অর্জন করা সম্ভব হবে বলেও দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫০০ ঘ.