ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ হামিদা খানম (৮৮) শুক্রবার মারা গেছেন।
ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান। বিভিন্ন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি।
সকাল সাড়ে ১০টায় হামিদা খানমের কফিন হাসপাতাল থেকে বনানীতে তার বাসায় আনা হয়।
দুপুরে তার প্রতি শ্রদ্ধা জানাতে তার বাসায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কফিনের সামনে কিছু সময় দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জোহরের পর গুলশানের আজাদ মসজিদে হামিদা খানমের জানাজা হবে। এরপর তাকে বনানী কবরাস্থানে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানান।
আগামী ২২ মার্চ মাগরিবের পর বনানীর বাসায় মরহুমার কুলখানি হবে।
হামিদা খানম দীর্ঘ ২০ বছর আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তার স্বামী সালাহউদ্দিন আহমেদ একজন ইতিহাসবিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জেকে/১৩৩০ ঘ.
bdnews24