ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে মধ্য পাইকপাড়ার একটি ভবনের চতুর্থ তলা থেকে পুলিশ নিহত গৃহবধূ রিয়া আক্তারের (২০) লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ স্বামী জাহিদুর রহমানকে আটক করেছে।
তবে স্বামী জাহিদুর পুলিশের কাছে দাবি করেছেন, রিয়া ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে।
রিয়ার বাবা জাহাঙ্গীর কাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চল্লিশ দিন আগে জাহিদুরের সঙ্গে রিয়ার বিয়ে হয়। ওই সময় কথা ছিল দুই পরিবার মিলে ৮লাখ টাকা খরচ করে জাহিদুরকে ইটালি পাঠানোর ব্যবস্থা করা হবে।
"এজন্য কিছুদিন আগে তাকে দুই লাখ টাকা দেওয়া হয়। কিন্তু জাহিদুর পুরো অর্থই রিয়ার পরিবারের কাছ থেকে নিতে চায়। এ নিয়ে রিয়াকে মারধর করতো জাহিদুর" বলেন তিনি।
টাকার জন্যই তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন রিয়ার বাবা।
মিরপুর থানার ওসি গাজী ওয়াজেদ আলী এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিয়ার বাবা এখনও আমাদের কাছে অভিযোগ করেননি।অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গৃহবধূর লাশ যেহেতু ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি, তাই সন্দেহ করে স্বামীকে আটক করা হয়েছে।"
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এইচএ/২২৫০ঘ.
bdnews24