ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া ছেড়ে যাওয়ার সময় গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ভূমধ্যসাগরে নিখোঁজ আরো তিন বাংলাদেশির লাশ পাওয়া গেছে।
ক্রিট দ্বীপের সৌদা বন্দরের কাছ থেকে বুধবার তাদের লাশ উদ্ধার করা হয় বলে পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৫ মার্চ একটি ফেরিতে করে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার সময় তীরের কাছাকাছি পৌঁছে বেআইনিভাবে গ্রিসে ঢোকার জন্য সাগরে ঝাঁপ দেন অন্তত ৫০ জন। এদের মধ্যে ১১ বাংলাদেশি নিখোঁজ থাকেন। পরে ছয় জনের লাশ উদ্ধার করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বুধবার আরো তিনজনের লাশ উদ্ধারের পর নিখোঁজ থাকলো দুই জন।
এদিকে চীনা প্রতিষ্ঠান সিএসসিইসি বাংলাদেশ সরকারকে জানিয়েছে, লিবিয়ার বেনগাজিতে তাদের কারখানার সব বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠিয়েছে তারা। তাদের সবার বেতনও শিগগির মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত মাসে লিবিয়ায় রাজনৈতিক সহিংসতা শুরু হওয়ার পর সেখানে কর্মরত বাংলাদেশিরা পালিয়ে মিশর ও তিউনিসিয়া সীমান্তে আশ্রয় নিতে শুরু করেন। পরে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ২৫ হাজার ৯৭১ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন।
এদের মধ্যে ৩ হাজার ২৮৭ জন এসেছেন তাদের চাকরিদাতাদের তত্ত্বাবধানে। বাকি ২১ হাজার ৭৮৮ জন ফিরেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তত্ত্বাবধানে।
বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৮৯৬ জন।
মিশর
লিবিয়া-মিশর সীমান্তের আল সালোম পয়েন্টে অপেক্ষমান বাংলাদেশির সংখ্যা কমে ২০০ জনে দাঁড়িয়েছে।
লিবিয়া থেকে পালিয়ে যারা আল সালোমে আশ্রয় নিয়েছিলেন, দেশে ফিরে এসেছেন তাদের অধিকাংশই। তবে বৃহস্পতিবার নতুন করে ৪০ জন আল সালোমে পৌঁছেছেন।
তিউনিসিয়া
বৃহস্পতিবার পর্যন্ত আনুমানিক ৫ হাজার বাংলাদেশি নাগরিক লিবিয়া-তিউনিসিয়া সীমান্তে অবস্থান করছিলেন। আইওএমের ব্যবস্থাপনায় জেরবা বিামানবন্দর হয়ে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশিদের ফিরয়ে আনতে সরকারও জেরবা- শাহজালাল বিমানের ফ্লাইট পরিচালনার কথা ভাবছে।
আলজেরিয়া
দক্ষিণ আলজেরিয়ার আইন-আমেনাস পয়েন্টে অবস্থান করছেন ১৮৯ জন বাংলাদেশি। তাদের ফেরত পাঠাতে আইওএমকে অনুরাধ করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/০১১৬ ঘ.
bdnews24