ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী সাততলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সাইদুর রহমান ওরফে ঘামাচি রিপন (৩০)। সে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে জানান গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বারিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সকালে মহাখালী আইপিএস স্কুলের সামনে পাকা রাস্তা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়।"
তিনি জানান, রিপনের কাছ থেকে একটি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২৩০ ঘ.
bdnews24