ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল গাফ্ফার চৌধুরি মনে করেন, দেশে 'প্রকৃত ইসলামের চর্চা' হলে নতুন করে সংবিধান পরিবর্তন করার দরকার হতো না।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত 'ইসলামিক ফাউন্ডেশনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ' শিরোনামের এক মত বিনিময় সভায় তিনি বলেন, ইংল্যান্ডে অধিকাংশ মানুষ ক্রিশ্চিয়ান। সেখানের ক্রিশ্চিয়ান ধর্ম অঘোষিতভাবেই রাষ্ট্রীয় ধর্ম।
"কিন্তু সেখানে আমাদের ইসলাম ধর্ম পালন করতে অসুবিধা হয় না। ইসলাম ধর্মেও অন্য ধর্মের প্রতি সহনশীলতার কথাই বলা হয়েছে।"
গাফফার চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশে ইসলামী সাহিত্য ও শিক্ষাকে বিকৃত করা হচ্ছে।
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মাদ আফজাল বলেন, রাস্তা ঘাটে মিছিল করলেই ইসলাম প্রতিষ্ঠিত হয় না। এর জন্য ইসলামের দাওয়াত দিতে হয়।
সভায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আজিজুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/১৮১৯ ঘ.
bdnews24