২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ মাস পর মুক্তি পেলেন মাহমুদুর রহমান

আদালত অবমাননার মামলায় সাজা খেটে বেরিয়ে এসেছেন আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। নয় মাস আগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

গাজীপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার মামলায় সাজা খেটে বেরিয়ে এসেছেন আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। নয় মাস আগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন মাহমুদুর। কারা ফটকে মাহমুদুরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার স্বজন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্বালানি বিষয়ক উপদেষ্টা মাহমুদুরকে আদালত অবমাননার অভিযোগে গত বছরের ২ জুন গ্রেপ্তার করা হয়। এ মামলায় তার সাজাও হয়। এছাড়া তার বিরুদ্ধে অনেকগুলো মানহানির মামলা রয়েছে। যেগুলোয় তিনি ইতোমধ্যে জামিন পেয়েছেন তিনি। মাহমুদুরকে বরণ করতে কারা ফটকে ছিলেন কলামিস্ট ফরহাদ মজহার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন ও এম এ মান্নান, চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ। মাহমুদর গাজীপুর থেকে দুপুরে যান কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয়ে। সেখানে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করে বাড়ি ফেরেন তিনি। আমার দেশ'র প্রকাশক হাসমত আলীর দায়ের করা মামলায় গত বছরের ২ জুন মাহমুদুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ওই দিনই আরেকটি মামলা হয়। গত বছর ১৯ অগাস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদালত আবমাননার জন্য মাহমুদুরকে ছয় মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেন। সবমিলিয়ে সাত মাস সাজা খাটার পর বৃহস্পতিবার মুক্তি পেলেন মাহমুদুর। গ্রেপ্তারের পর মানহানিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ৪৯টি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমআই/১৩২৫ ঘ.