ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমান বা খালেদা জিয়া সম্পর্কে সংসদে কটুক্তি করলে সঙ্গে সঙ্গে ওয়াক আউট করবে বিএনপি।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে সাংসদ মওদুদ আহমদ এ কথা বলেন।
টানা ৭৪ কার্যদিবস অনুপস্থিত থাকার পর মঙ্গলবার সংসদে যোগ দেয় বিনেপিসহ শরীক দলগুলো। কয়েকঘণ্টা থাকার পর পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর এক বক্তব্যের প্রতিবাদে একযোগে ওয়াক আউট করেন বিরোধী দলের সদস্যরা।
বুধবার অধিবেশনের শুরুতেই বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রায় সব সাংসদই অধিবেশনে যোগ দেন। তবে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এ সময় সংসদে যাননি।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আগে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মওদুদ আহমেদ বলেন, "মাননীয় স্পিকার, কালকে (মঙ্গলবার) আমরা ওয়াক আউট করেছিলাম আমাদের নেতা জিয়াউর রহমান সম্পর্কে কটুক্তি করায়।
"আমাদের কোনো নেতা, জিয়াউর রহমান বা খালেদা জিয়া সম্পর্কে কোনো কটুক্তি করলে সঙ্গে সঙ্গে আমরা ওয়াক আউট করবো। অশালীন বক্তব্যের প্রতিবাদ করবো।"
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্যে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার 'মূল নায়ক' বলে উল্লেখ করেন।
এর প্রতিবাদে রাত সোয়া ৮টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের নেতৃত্বে বিএনপি ও শরিকদলের সাংসদরা একযোগে ওয়াকআউট করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/জেকে/০১৩৪ ঘ.
bdnews24