রাজশাহী, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীতে শুরু হচ্ছে দশদিনের রাজশাহী সংস্কৃতি উৎসব-২০১১।
'মুক্তির জন্য সংস্কৃতি: জেগে ওঠো রাজশাহী' শ্লোগান নিয়ে ১৭ থেকে ২৬ মার্চ নগর ভবনের গ্রিন প্লাজায় এ উৎসব চলবে।
বুধবার দুপুরে নগরভবনে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উৎসবের উদ্বোধন করবেন।
রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
এতে থাকবে বইমেলা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকাশনা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, লোকসঙ্গীত মেলা, যাত্রা, নাটকসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির সভাপতি রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান উৎসব আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন।
উৎসবের কর্মসূচি জানান রাজশাহী লেখক পরিষদের সভাপতি রুহুল আমিন প্রামানিক।
স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৯ ঘ.
bdnews24