ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে 'ফোরাম' প্যানেল।
রোববার এ নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে। এতে 'সম্মিলিত পরিষদ' এবং 'ফোরামের' দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার কথা।
ফোরাম প্যানেল নেতা এবং বিজিএমইএ-এর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটার তালিকা ক্রুটিপূর্ণ হওয়ায় ২০ মার্চের নির্বাচনে আমরা অংশ নিচ্ছি না। নির্বাচন পিছিয়ে ভোটার তালিকা ক্রটিমুক্ত করা হলেই কেবল আমরা অংশ নেব।"
ভোটার তালিকা হালনাগাদ করার জন্য পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠনের এ নির্বাচন এর আগেও এক দফা পেছানো হয়েছিলো।
আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, "৭১১ জন ভোটারের ফাইলকে অসম্পূর্ণ ঘোষণা করেছে নির্বাচন বোর্ড। ওইসব ভোটারের প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে কয়েকদিন সময় দিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন বোর্ড। কিন্তু অনেকেই এখনও চিঠি পাননি।"
"তাই ২০ মার্চের মধ্যে ভোটার তালিকা ক্রটিমুক্ত করে নির্বাচন অনুষ্ঠান অসম্ভব। এ কারণেই আমরা নির্বাচন পেছানোর দাবি জানিয়েছি," যোগ করেন তিনি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অপর প্যানেল 'সম্মিলিত পরিষদের' নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
বিজিএমইএর দ্বি-বার্ষিক এ নির্বাচনে সরাসরি ভোটে ২৭ জন পরিচালক নির্বাচিত হবেন। তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন সংগঠনের সভাপতি ও সহ-সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/জেকে/২২০৪ ঘ.
bdnews24