কুড়িগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীককে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
তার চিকিৎসার জন্য প্রশাসনের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক ব্যাংক ও বেশ কয়েকজন ব্যক্তি। ব্র্যাক ব্যাংক এর পক্ষ থেকে তারামন বিবিকে আনুষ্ঠানিকভাবে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকায় রওয়ানা হওয়ার আগে রাজিবপুরে তারামন বিবি'র বাড়িতে এই অর্থ হস্তান্তর করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে তাকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে আজীবন সহায়তার প্রতিশ্র"তি দেওয়া হয়।
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই, ব্র্যাক ব্যাংকের পক্ষে মোস্তফা আরেফিন আহমেদ ও আব্দুর রহিম এ সময় উপস্থিত ছিলেন।
রাজিবপুর উপজেলা প্রশাসনের সহায়তায় রিফাত পরিবহনের গাড়িতে করে তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বীর প্রতীক তারমন বিবির চিকিৎসার ভার নিয়েছেন।
ব্যবসায়ী মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা কয়েকজন বন্ধু মিলে তার চিকিৎসার ভার নেওয়ার পাশাপাশি ১টি গাভী ও ১টি রিকশা দেবেন।
রাজিবপুর ইউএনও আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বীর প্রতীক তারামন বিবি দেশের সম্পদ। তার চিকিৎসা ও আর্থিক সংকট নিরসনে সব ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ হাজার, পুলিশ সুপারের পক্ষ থেকে ৫ হাজার এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৭ ঘ.
bdnews24