২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমশুমারি: সারাদেশে একযোগে ভাসমান মানুষ গণনা

আদমশুমারিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে গণনাভুক্ত করা হয়েছে। সোমবার দিবাগত রাতে শুমারি শুরু হওয়ার পর ভোর ৬টা পর্যন্ত সারাদেশে একযোগে ভাসমান মানুষ গণনা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদমশুমারিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে গণনাভুক্ত করা হয়েছে। সোমবার দিবাগত রাতে শুমারি শুরু হওয়ার পর ভোর ৬টা পর্যন্ত সারাদেশে একযোগে ভাসমান মানুষ গণনা করা হয়। সোমবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে গণনাভুক্ত করার মধ্য দিয়ে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা শুরু হয়। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হ্যানা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণনাভুক্ত করা হয়। এসময় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব রীতি ইব্রাহিম উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদকে তার সংসদ ভবনের বাসভবনে গণনাভুক্ত করা হয়। সকাল ৯টা ৩৫ মিনিটে গুলশানে ভাইয়ের বাসায় বিরোধীদলের নেতা খালেদা জিয়াকে গণনাভুক্ত করেন জেলা সমন্বয়কারী খেনচান। সকাল ১০টায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে তার বারিধারার বাসায় গণনাভুক্ত করা হয়। এর আগে সোমবার রাত থেকে ভোর ৬টা পর্যন্ত সারাদেশে একযোগে ভাসমান মানুষ গণনা করা হয়। সারাদেশে আদমশুমারি ও গৃহগণনা চলবে ১৯ মার্চ পর্যন্ত। রাষ্ট্রপতির উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গণনাভুক্ত হওয়ার পর রাষ্ট্রপতি দেশবাসীকে এ শুমারি সফল করার আহ্বান জানিয়েছেন। আবুল কালাম আজাদ বলেন, "জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যা ও গৃহস্থালীর সঠিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ।" "এ শুমারি থেকে কেউ যাতে বাদ না যায় এবং কেউ একাধিকবার অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদমশুমারিতে সবাইকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিকল্পনামন্ত্রী জানান, বাংলাদেশকে ১৩০টি শুমারি জেলায় ভাগ করে আদমশুমারি পরিচালিত হচ্ছে। একজন করে শুমারি সমন্বয়কারী প্রত্যেক শুমারি জেলার কাজ তদারক করছেন। তার অধীনে ২০/২২টি অঞ্চল রয়েছে। দুই হাজার ৭০০ অঞ্চল সমন্বয়কারী নিজ নিজ অঞ্চলের কাজ তদারক করছেন। এছাড়া গণনা কাজে তিন লাখ ১০ হাজার গণনাকারী ও ৫৭ হাজার সুপারভাইজার কাজ করছেন। সব মিলিয়ে শুমারির কাজে প্রায় চার লাখ লোক নিয়োজিত। এবার ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহলগুলোতেও আদমশুমারি করা হচ্ছে। এছাড়া সরকারের তালিকায় থাকা ২৭টি নৃগোষ্ঠীকেও গণনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। মোট ২৫টি প্রশ্ন সম্বলিত শুমারির তথ্য সংগ্রহের ফরম নিয়ে গণনাকারিরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। এর মধ্যে খানা সংক্রান্ত ১১টি ও ব্যক্তি সংক্রান্ত ১৪টি প্রশ্ন রয়েছে। আদমশুমারি ও গৃহগণনায় মোট ব্যয় ধরা হয়েছে ২৫৩ কোটি টাকা। চার মাসের মধ্যে গণনার প্রাথমিক হিসাব প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রতিবেদন দেড় বছরের মধ্যে প্রকাশ করা হবে জানান পরিকল্পনামন্ত্রী। পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক জানান, গণনা এলাকা নির্ধারণের জন্য স্পার্সোর মাধ্যমে পাওয়া মানচিত্র ব্যবহার করা হচ্ছে। গণনাকারীরা সংশ্লিষ্ট এলাকার মানচিত্র অনুযায়ী কাজ করছেন। ফলে কেউ গণনা থেকে বাদ যাবেন না বা কেউ একাধিকবার গণনায় পড়বেন না। আদম শুমারির মাধ্যমে দেশের নারী পুরুষের সংখ্যা, বয়স, বৈবাহিক অবস্থা, ধর্ম, গোত্র ও কাজের ক্ষেত্র সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া কতটি কী ধরনের ঘর আছে, এসব বাড়িতে পয়ঃনিস্কাশন ব্যবস্থা কী ধরনের, খাবার পানির উৎস কী, বিদ্যুৎ সংযোগ আছে কি না- এসব তথ্যও সংগ্রহ করা হচ্ছে। হট লাইন পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা সম্পর্কে তথ্য জানতে হট লাইন খোলা হয়েছে। টেলিফোনে ৮১৮১৪২৪, ৯১১৫৪৯৫, ৯১১৬৩৭৮ নম্বরে এবং মোবাইল ফোনে ০১৮১৯২৫৬৪৬৮ ও ০১৮১৯২৫৯১৭৬ নম্বরে যোগাযোগ করে আদমশুমারি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/কেএমএস/১৬৩০ ঘ.