ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের তারিখ দ্বাদশবারের মতো পেছালো।
মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ কাদের নেওয়াজের আদালতে আবারো সময় চেয়ে আবেদন করেন বাবরের আইনজীবী শরফুদ্দিন আহমেদ খান মুকুল।
আবেদনে বলা হয়, এ মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে এবং রুলটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
আবেদন মঞ্জুর করে আগামী ২৭ এপ্রিল অভিযোগ গঠনের জন্য আবারো তারিখ রাখে আদালত।
এ দিন বাবরকে কাশিমপুর কারাগার থেকে এজলাস কক্ষে নিয়ে আসার আগেই এ তারিখ ধার্য করা হয়। বাবর এ সময় প্রিজন ভ্যানে রাস্তায় যানজটে আটকে ছিলেন।
মামলার নথিপত্রে দেখা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের কোম্পানিজ সার্কেল ৯ ,কর অঞ্চল-৩ এর উপ কর কমিশনার সৈয়দ জাকির হোসেন গত ১৪ ফেব্র"য়ারি লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার আর্জিতে বলা হয়, গত ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত মাষ্টার ইলেকট্রনিক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসাবে বাবর আয়কর বিবরণীতে ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার ১২২ টাকার সম্পদের তথ্য গোপন করে ওই পরিমাণ টাকার ওপর প্রযোজ্য আয়কর ফাঁকি দিয়েছেন।
মামলায় বাদিপক্ষে ৯ জন সাক্ষী রয়েছে।
এ মামলায় এ নিয়ে ১২ বার বাবরের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ গঠন পেছালো। এর আগে ১১বার একই কারণ দেখিয়ে সময় চায় বাবরের আইনজীবীরা।
মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের ধার্য দিনে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চান তার নিয়োজিত আইনজীবী মুকুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৪১২ ঘ.
bdnews24