নরসিংদী, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) দেলোয়ার হোসেন রনি হত্যার প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
সন্ধ্যায় নরসিংদী উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী এবং জেলা বিএনপির সাবেক সভাপতি মেসবাহউদ্দিন ইরান এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
নিহত দেলোয়ার হোসেন রনি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার সভাপতিও ছিলেন।
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ছাত্র সংসদ কার্যালয়ে রনিকে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, সকাল সোয়া ১০টার দিকে ক্লাস চলাকালে ২০/২৫ জন সন্ত্রাসী কলেজে ঢুকে। তারা কলেজের মূল ফটকে তালা লাগিয়ে দ্বিতীয় তলায় ওঠে শিক্ষক ও ছাত্রছাত্রীদের দুটি কক্ষে আটকে তালা লাগিয়ে দেয়।
এরপর কলেজ ছাত্র সংসদের কার্যালয়ে ঢুকে রনির ওপর গুলি চালায়। পরে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায় তারা।
সন্ত্রাসী হামলায় আরো চার জন আহত হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। তাদের মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র মামুন (২০) ও রাজুকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
ওই সময় পুরো কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে আটকে থাকা ছাত্রছাত্রীদের মুক্ত করে বলে অধ্যক্ষ জানিয়েছেন।
খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) আক্কাছ উদ্দিন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
ময়নাতদন্তের জন্য রনির লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ হত্যাকাণ্ডের পর নরসিংদী সরকারি কলেজ ছুটি ঘোষণা ও কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এ হত্যার ঘটনা জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের বলে দাবি করেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ও সদর থানা বিএনপি সভাপতি মঞ্জুর এলাহী।
তিনি বলেন, জেলা ছাত্রদলের কমিটি নিয়ে ছাত্রদল দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে। কিছু সন্ত্রাসী, অছাত্রকে নিয়ে কিছুদিন আগে বিএনপির একটি অংশ নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি গঠন করে। এ নিয়ে বিএনপি ও ছাত্রদল নেতারা দু'টি অংশে বিভক্ত হয়ে পড়েন।
ছাত্রদল নেতারা নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি গঠনের জন্য দায়ী করে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে ঝাড়
bdnews24