২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবণনীতির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় লবণনীতি-২০১১ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম)- জাতীয় লবণনীতি-২০১১ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের একথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি জানান, লবণ শিল্পের সঙ্গে সম্পৃক্ত সকলের সাথে আলোচনা করে এই খসড়া নীতি প্রণয়ন করা হয়েছে। লবণ আমদানি হ্রাস, লবণের ন্যায্য মূল্য এবং এতে আয়োডিন মিশ্রণ নিশ্চিত করাই এই নীতির উদ্দেশ্য বলে জানান আবুল কালাম আজাদ। বৈঠকের শুরুতে জাপানের ভূমিকম্প ও সুনামির ঘটনায় মন্ত্রিসভার পক্ষ থেকে সহমর্মীতা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী এসময় জাপানের রাষ্ট্রদূতের সাথে গত রোববার অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, চিকিৎসাসহ সকল সহযোগিতার জন্য বাংলাদেশের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। সে দেশের জনগণ চাইলেই বাংলাদেশ থেকে উদ্ধারকারী দল পাঠানো হবে। লিবিয়া থেকে শ্রমিকদের ফেরত আনার বিষয়টি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে আবুল কালাম আজাদ জানান। এছাড়া, জাহান মণি জাহাজের মুক্ত নাবিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে। এরআগে, সোমবার সকালে কানাডার সাস্কাচওয়ান প্রদেশের মুখ্য মন্ত্রী ব্র্যাড ওয়াল গণভবণে শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন। আবুল কালাম আজাদ জানান, তাদের মধ্যে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও জনশক্তি রপ্তানীর বিষয়ে আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি আমদানি করার জন্য ব্র্যাড ওয়ালের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, তার সরকার সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়। এই সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত ইয়াকুব আলী এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম/এসইউএম/কেএমএস/ ১৬১৮ ঘ.