ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি ফেরত চেয়েছেন বাধ্যতামূলক অবসরে যাওয়া গ্রামীণ ব্যাংকের ৮ হাজার কর্মকর্তা-কর্মচারী।
ওই সব কর্মচারীরা 'নির্যাতিত কর্মী পরিষদ' ব্যানারে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সংবাদ সম্মেলন করে পুনর্বহালের দাবি জানায়।
সংবাদ সম্মেলনের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা, যাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েকশ জন অংশ নেয়।
নির্যাতিত কর্মী পরিষদের আহ্বায়ক মাসুম সরকার সংবাদ সম্মেলনে জানান, ব্যাংকের সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের 'স্বেচ্ছাচারিতার' শিকার হয়ে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত ৮ হাজার কর্মকর্তা-কর্মচারীকে অবসরে যেতে হয়।
নিজেকে গ্রামীণ ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক দাবি করে মাসুম বলেন, "১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ড. ইউনূস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ ধরে রেখে নিজের খুশি মতো কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন।"
ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিযুক্তির পর তার কাছে এর প্রতিবিধান চাইবেন বলে জানান তিনি।
পদে থাকার নির্ধারিত বয়সসীমা ছাড়িয়ে যাওয়ার কারণ দেখিয়ে গত ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।
এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেও হেরে যান ইউনূস। তবে তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন তিনি।
গ্রামীণ ব্যাংকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে অভিযোগ করে মাসুম বলেন, "ব্যাংকের শাখা, এরিয়া, জোনাল অফিসের পিয়ন-কাম-নিরাপত্তাকর্মীদের ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। অর্থাৎ তাদের রাতে অফিস পাহারা, সকালে ঝাড়
bdnews24