ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ফেরার দিনক্ষণ ঠিক করতে সোমবার বিকালে খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বসছে বিএনপির সংসদীয় দল। বৈঠকের পরপরই বিরোধী দল সংসদ অধিবেশনে যোগ দেবে বলে আভাস মিলেছে।
বিকাল ৪টায় সংসদ ভবনে অনুষ্ঠেয় এ বৈঠকে বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির সংসদ সদস্যদের থাকবেন বলে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক জানিয়েছেন।
ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই সভায়ই সংসদে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হবে।"
তবে বিএনপির একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংসদীয় দলের সভা শেষ করেই খালেদা জিয়া বিরোধীদলীয় সদস্যদের নিয়ে সংসদে যোগ দেবেন।
নবম সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেও বিএনপি দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশন টানা বর্জন করে আসছে। পঞ্চম অধিবেশনে তারা গেছে মাত্র একদিন।
তবে চলতি অধিবেশনে যোগ না দিলে আইন অনুযায়ী বিরোধী সদস্যদের সংসদ সদস্যপদ খারিজ হয়ে যাবে।
ফারুক বলেন, "আমরা সংসদ সদস্যপদ রক্ষার জন্য নয়, দেশ ও জাতির সমস্যা তুলে ধরতে সংসদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।"
বিএনপির অভিযোগ, সংসদের তাদের থাকার 'পরিবেশ' নেই। তাদের কথা বলতে দেওয়া হয় না।
বর্তমান সংসদে সংরক্ষিত মহিলা আসনসহ বিএনপির আসন সংখ্যা ৩৬। এছাড়া তাদের জোট শরিক জামায়াতে ইসলামীর দুটি এবং বিজেপির একটি আসন রয়েছে। সব মিলে চারদলীয় জোটের সংসদ সদস্য ৩৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৩৫ ঘ.
bdnews24