২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ১১৫ টি মামলা প্রত্যাহারের সুপারিশ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত সভায় আরো ১১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। যাদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত সভায় আরো ১১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। যাদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত ২৭তম বৈঠক শেষে কামরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। আইন প্রতিমন্ত্রী বলেন, "রোববারের সভায় ৮০৭টি মামলার মধ্যে ১১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। নামঞ্জুর করা হয়েছে ২৮৭টি। এছাড়া পরবর্তী বিবেচনার জন্য ৪০৫টি মামলা রাখা হয়েছে।" তিনি জানান, রোববার যেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কোন নেতা বা কর্মীর নাম নেই। বিগত সরকারের আমলে বিভিন্ন মিটিং মিছিলের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। পরবর্তী আরো কয়েকটি সভায় বাকি মামলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কামরুল। এ পর্যন্ত দণ্ডবিধি ও অন্যান্য ১০ হাজার ৫৩৬টি মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য এসেছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, এর মধ্যে ৬ হাজার ৯৮২টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। বিভিন্ন সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, "দুদক এসব মামলা প্রত্যাহার করবে কিনা তা তাদের নিজস্ব ব্যাপার।" সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৬৪৬ ঘ.