ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রেজোয়ানের মৃত্যুর ঘটনা তদন্তে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনা সম্পর্কে কারো কোনো তথ্য জানা থাকলে তা তদন্ত কমিটির সভায় এসে জানানো যাবে।
আগামী সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গত ৫ মার্চ রাতে মতিঝিল এলাকায় একদল দুর্বৃত্তের হামলার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন আরবি বিভাগের ছাত্র মো. রেজোয়ান। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু ঘটে।'
ওই ঘটনা তদন্তে ৬ মার্চ সিন্ডিকেট সভায় উপ-উপাচার্যকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি করা হয়।
কমিটি রেজোয়ানের মৃত্যুর পাশাপাশি পরদিন বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের কার্যালয়সহ আশেপাশের এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, যারা বৈঠকে এসে তথ্য দিয়ে সহযোগিতা করবেন তাদের পরিচয় গোপন রাখা হবে।
কমিটির সদস্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটি গঠনের পরদিন থেকেই তদন্ত শুরু হয়েছে। এ পর্যন্ত কাজের বেশ অগ্রগতিও হয়েছে।
৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হিমালয় পরিবহনের কর্মীদের সংঘর্ষে রেজোয়ানসহ চার ছাত্র আহত হন। পরে হাসপাতালে মারা যান রেজোয়ান। পরদিন ঝালকাঠিতে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
পুলিশ বলেছে, সংঘর্ষের সময় দৌড়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় আহত হন রেজোয়ান। তবে শিক্ষার্থীদের দাবি, রেজোয়ানকে ট্রাকের নিচে ফেলে দেওয়া হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে ৬ মার্চ বিশ্ববিদ্যালয় ও আশেপাশের সড়কে দফায় দফায় গাড়ি ভাংচুর করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গেও তাদের সংঘর্ষ হয়।
রেজোয়ারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সমীর চন্দ্র সূত্রধর ৯ মার্চ কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের আদেশ চাইলে আদালত তা মঞ্জুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২১৩০ ঘ.
bdnews24