সাভার, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় বাস চাপায় অজ্ঞাত পরিচয় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর এবং নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাইপাইল থেকে ছেড়ে আসা নবীনগরগামী একটি যাত্রীবাহী বাস রাত ১০টার দিকে পল্লীবিদ্যুৎ স্ট্যান্ডের কাছে একটি রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই রিকশার চালক (২৮) মারা যান। রিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এরপর বিক্ষুব্ধ জনতা পল্লীবিদ্যুৎ স্ট্যান্ডের কাছে সড়ক অবরোধ এবং বাস ও মাইক্রোবসসহ ১৫/১৬টি যানবাহন ভাংচুর করে।
আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে আধঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩২ ঘ.
bdnews24