২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি বাড়ি একটি খামার প্রকল্পে 'অনিয়ম'

মাদারীপুর সদর উপজেলায় 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

মাদারীপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দরিদ্রদের জন্য নেওয়া এ প্রকল্পে অনেক গরীব লোকের নাম না থাকলেও রয়েছ ইউপি সদস্যের ছেলের নাম। তালিকায় ওই ইউপি সদস্যকে মৃত দেখানো হয়েছে। তৃণমূল পর্যায়ে হত-দরিদ্রদের জীবন-মান উন্নয়নের জন্য সরকার 'একটি বাড়ি একটি খামার প্রকল্প' চালু করে। মাদারীপুর পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয় জানায়, সদর উপজেলার এ প্রকল্পের জন্য চার ইউনিয়নের পাঁচটি গ্রামের ৬০টি পরিবারের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের তত্ত্বাবধানে এই তালিকা চূড়ান্তকরণে সহায়তা করেন বিআরডিবির মাঠকর্মীরা। প্রকল্পভুক্ত চারটি ইউনিয়ন পরিষদের একটি হল দুধখালি। দুধখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুধখালি গ্রামের আবুল হোসেন খানকে মৃত দেখিয়ে তার ছেলে মাসুদ খানের নাম প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। "অথচ আবুল হোসেন খান জীবিত এবং তিনি দুধখালি ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য।" একইভাবে ২ নম্বর ওয়ার্ডের অবস্থাপন্ন ইউপি সদস্য হাবিবুর রহমান চৌকিদারের ছেলে তারা মিয়ার নামও অতি-দরিদ্র হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে বলে হুমায়ুন খান জানান। তিনি আরো অভিযোগ করেন, ওই এলাকার অতি-দরিদ্র রাবিয়া বেগম (৫৫), বিধবা মিরজু (৪৫) ও পুর্ব হাউসদি ৫ নম্বর ওয়ার্ডের দরিদ্র সুরেশ মণ্ডলের নাম তালিকাভুক্ত হয়নি। এ ব্যাপারে তালিকাভুক্ত মাসুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাপার ভুলের কারণে এ রকম হতে পারে। এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন। এ ব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তালিকাগুলো বিআরডিবি ও স্থানীয় লোকজন মিলে করেছে। এতে কোনো অনিয়ম দেখা দিলে তা শুধরে নেওয়া হবে।" মাদারীপুর বিআরডিবি কার্যালয়ের প্রধান কর্মকর্তা কুমুদ রঞ্জন বাড়ৈ বলেন, "আমি এখানে নতুন যোগদান করেছি। সবকিছু এখনো গুছিয়ে নিতে পারিনি। তাই এ ব্যাপারে কোনো কিছু বলতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১২ ঘ.