২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তিন দিনের মধ্যে মুক্ত হচ্ছে জাহান মণি'

সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি তিনদিনের মধ্যে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে জাহাজের মালিক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 06:08 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি তিনদিনের মধ্যে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে জাহাজের মালিক কর্তৃপক্ষ। মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মেহেরুল করিম শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজটি তিন দিনের মধ্যে নাবিকসহ মুক্ত হচ্ছে। ব্রেভ রয়েলের এই জাহাজটি গত ৫ ডিসেম্বর মাসের শুরুতে আরব সাগরে ছিনতাই হয়। এতে বাংলাদেশি ২৫ জন নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রী রয়েছেন। ১১ ডিসেম্বর সোমালিয়ার উপকূলীয় গ্রাম গারাকাডের কাছাকাছি জাহাজটি নোঙর করে জলদস্যুরা। কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তিপণ দিয়েই জাহাজটি মুক্ত হচ্ছে। নাবিকদের ফিরে আসতে আরো ১০-১২ দিন সময় লেগে যেতে পারে। এরই মধ্যে জাহান মণিকে নিয়ে আসার জন্য নতুন ২৬ নাবিকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। তবে কত টাকা মুক্তিপণ বা প্রক্রিয়াটি কীভাবে চালানো হচ্ছে- তা স্পষ্ট করেনি তারা। শুক্রবার সকালে নগরীর বারিক বিল্ডিং মোড়ে ব্রেভরয়েল শিপিংয়ের কার্যালয়ে জিম্মি নাবিক পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে কর্তৃপক্ষ। পরে মেহেরুল করিম বলেন, জলদস্যুদের হাতে জিম্মি সব নাবিক ভালো আছেন। শুক্রবার পরিবারের সদস্যদের কাছে জিম্মি অবস্থায় নাবিকদের তোলা ছবি আমরা সরবরাহ করেছি। ব্রেভ রয়েলের কর্মকর্তা ক্যাপ্টেন গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমালি জলদস্যুদের কাছ থেকে তিন দিনের মধ্যে মুক্তি পেলেও জাহাজ ও এর নাবিকদের ফিরে আসতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে। দ্রুত সময়ের মধ্যে নাবিকদের ফিরে আনতে পর্যাপ্ত প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি। মোস্তফা বলেন, "জাহাজটি মুক্তির পর ওমানের সালালা ও মাস্কাট অথবা দুবাইয়ের পুজেরা বন্দরে নিয়ে আসা হবে।" জিম্মি নাবিকদের সঙ্গে বৃহস্পতিবার রাতে সর্বশেষ কথা হওয়ার কথাও জানান তিনি। জিম্মি নাবিক শাহরিয়ার রাব্বীর মা বিলকিস রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে মালিকপক্ষ তিন থেকে চারদিনের মধ্যে জাহাজ ও নাবিকদের মুক্তি পাওয়ার কথা জানিয়েছে। তারা জিম্মি অবস্থায় নাবিকদের তোলা ছবিও আমাদের সরবরাহ করেছে।" গত কয়েক বছর ধরে ভারত মহাসাগর ও আরব সাগরে সোমালি জলদস্যুদের উৎপাত চলছে। তবে বাংলাদেশি কোনো জাহাজ আক্রান্ত হওয়া এটাই প্রথম। জিম্মি নাবিকদের উদ্ধারে নাবিকদের পরিবারের পক্ষ থেকে সরকারের উদ্যোগের দাবিও জানানো হয়। গত ২৮ জানুয়ারি পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস বলেন, জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। তবে এ ধরনের উদ্ধারকাজে সমঝোতা সাধারণত জাহাজ মালিক কর্তৃপক্ষই করে থাকে বলেও উল্লেখ করেন তিনি। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, সোমালি জলদস্যুরা ২০১০ সালে বিভিন্ন দেশের মোট ৫৩টি জাহাজ ছিনতাই এবং ১ হাজার ১৮১ জন নাবিককে জিম্মি করে। মুক্তিপণের দাবিতে এই সময়ে অন্তত আটজনকে হত্যা করে তারা। গত ডিসেম্বরে জাহান মণি ছিনতাই হওয়ার মাসে দুই বাংলাদেশি নাবিক সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পান। তারা জার্মানের একটি জাহাজে ছিলেন। গত মে মাসে তাদের জাহাজটি ছিনতাই হয়। মুক্তির পর দুই নাবিক ইতোমধ্যে দেশেও ফিরেছেন। ২০০৯ সালে এই জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া প্রতিটি জাহাজ ছাড়িয়ে আনতে গড়ে ৯০ দিন সময় লাগে। কিন্তু ২০১০ সালে এই সময় বেড়ে ১৪৩ দিনে দাঁড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এএল/এমআই/১৬১৬ ঘ.