২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিউলের কফিনে আসা লাশ মনিরুজ্জামানের

লিবিয়া থেকে পালানোর সময় সাগরে ডুবে মারা যাওয়া 'শফিউল আজমের কফিনে' আসা লাশের পরিচয় পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে পালানোর সময় সাগরে ডুবে মারা যাওয়া 'শফিউল আজমের কফিনে' আসা লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি মনিরুজ্জামান নামে এক লিবিয়া-প্রবাসীর বলে বৃহস্পতিবার সন্ধ্যায় শনাক্ত করেছেন নিহতের ভাই নুরুল ইসলাম কিরণ। বৃহস্পতিবার ভোরে তিনজনের কফিন ঢাকায় আসে, যারা গ্রিসের ক্রিট দ্বীপের কাছে সাগরে ডুবে মারা গিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন বাংলাদেশি হলেন- সাভারের ব্যাংক কলোনি মহল্লার এ ব্লকের 'স্বপ্ননীড়' বাড়ির মৃত মোহাম্মদ আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ শফিউল আজম, বরিশালের গৌরনদীর উত্তর বিজয়পুরের শাহাব আলীর ছেলে মোহন কামাল এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ধর্মকান্দি গ্রামের নূরুল হক খলিফার ছেলে ফরিদ খলিফা। লাশ তিনটি আনে রিক্রুটিং এজেন্সি রয়েল বেঙ্গল ওভারসিজ। নিহত তিনজনের পরিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশগুলো গ্রহণও করে। কিন্তু সাভারে নিয়ে শফিউলের কফিন খোলার পরই দেখা দেয় বিপত্তি। শফিউলের পরিবারের সদস্যরা বলেন, কফিনের সঙ্গে থাকা কাগজপত্র ও পাসপোর্ট শফিউলের হলেও লাশটি নয়। শফিউলের পরিবার লাশ নিতে অস্বীকৃতি জানানোয় ওই লাশটি পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এনে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার কিরণ ও তার স্ত্রী শাহনাজ পারভীন দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে মনিরুজ্জামানের লাশ শনাক্ত করেন। রয়েল বেঙ্গল ওভারসিজের ব্যবস্থাপক কাজিউল ইসলাম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা লাশটি সনাক্ত হয়েছে শুনেছি। মনিরুজ্জামান নামে কেউ নিখোঁজের তালিকায় আছে কি না জানতে চাইলে শাহিন বলেন, "নিখোঁজ তালিকায় মনি নামে একজনের কথা ছিলো, তবে ঠিকানা মিলে যাচ্ছে।" কিরণ নিজের ঠিকানা মর্গে উপস্থিত সাংবাদিকদের বলেন, বাবার নাম আলহাজ আবদুল আজিজ, গ্রাম বরগুনার খেজুর তলা। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি চতুর্থ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/পিডি/২০৫৮ ঘ.