ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান দাবি করেছেন, বিরোধীদলীয় নেত্রী [খালেদা] নারীদের উন্নয়ন চান না। তাই তিনি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের নারী উন্নয়ন নীতি বাতিল করে দেবেন।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিডব্লিউসিসিআই) আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেত্রী ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত সব সিদ্ধান্ত বাতিল করে দেবেন। তাই দেশের মানুষ তাকে কখনও নির্বাচিত করবে না।
নারী উদ্যোক্তাদের জন্য সরকারের বিশেষ তহবিলের কথা জানিয়ে পদক চালুর ঘোষণা দেন মন্ত্রী।
নারী উদ্যোক্তাদের এই সংগঠন ঢাকার অভিজাত এলাকার নারীদের চেম্বারে পরিণত না হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করবে এমন আশাবাদও প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেশন অব চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, দেশে বর্তমানে তিন কোটি বেকার রয়েছে। এর মধ্যে বেসরকারি খাত প্রতি বছর ১০ লাখ মানুষের কর্মসংস্থান করছে।
নারী উদ্যোক্তাদের সহজে ঋণ দিতে সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, তারা সফল হলে দেশের বেকারত্ব কমবে।
ডিডব্লিউসিসিআই'র সভাপতি নাজ ফারহানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ঝাং জিয়ানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/১৯৪৩ ঘ.
bdnews24