ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফ্যান্ট রোডের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল স্টাফ কোয়ার্টারের পানির ট্যাঙ্ক থেকে বৃহস্পতিবার এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সানজিদা আক্তার (৫) নামে ওই শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল।
শিশুর নানী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী নূরজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে সানজিদার মা জাহিদা বেগম তার শিশু সন্তানকে রেখে ঢাকা মেডিক্যাল কলেজে যান। বাসায় ফিরে অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে তিনি নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়রি করেন।
৩২৪ নম্বর এলিফেন্ট রোডের মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারের যে বাসা থেকে শিশুটি নিখোঁজ হয় সেখানে নানী নূরজাহান থাকতেন।
বৃহস্পতিবার বিকালে ওই একই ভবনের পানির ট্যাঙ্ক থেকে সানজিদার লাশ উদ্ধার করা হয়ে বলে জানান নূরজাহান।
শিশুটির মামা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যার পর সানজিদাকে ওই পানির ট্যাঙ্কে ফেলে রাখা হয়।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আহসানুল করিম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
গত ২ মার্চ মোহাম্মদপুরে পানির ট্যাঙ্ক থেকে সাদিয়া (৭) নামে আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/এইচএ/১৯১৭ ঘ.
bdnews24