২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আ. লীগের এমপি বেশি, সরকার দুর্বল'

আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে মন্ত্রীদের সমালোচনা করে এক সাংসদ বলেছেন, এবার আওয়ামী লীগের এমপি বেশি, সরকার দুর্বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে মন্ত্রীদের সমালোচনা করে এক সাংসদ বলেছেন, এবার আওয়ামী লীগের এমপি বেশি, সরকার দুর্বল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠতে শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিক বলেন, "'৯৬-এ আওয়ামী লীগের এমপি কম ছিল। কিন্তু, সরকার শক্তিশালী ছিল। এবার এমপি বেশি, কিন্তু সরকার দুর্বল।" মন্ত্রীদের সমালোচনা করে পঞ্চগড়-১ আসনের সাংসদ মাজহারুল হক প্রধান বলেন, "মন্ত্রীদের কাছে এলাকার কাজ নিয়ে গেলে কোনো কাজ হয় না। মন্ত্রীদের সঙ্গে দেখা করতে গেলে স্লিপ দিয়ে দেখা করতে হয়। "মনে হয় আমরা এমপি না হয়ে ওনাদের এপিএস হলে ওনারা বেশি খুশি হতেন।" বৈঠকে বন ও পরিবেশমন্ত্রী হাসান মাহমুদ সব অভিযোগ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার মত দেন। তার মতে সমস্যা নিয়ে মন্ত্রী ও সাংসদদের দলীয় ফোরামের বাইরে ঢালাও কথা না বলাই ভালো। নামপ্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক সাংসদ এ কথা জানান। গণভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকের পর ক্ষমতাসীন মহজোটের বৈঠক হয়। দু'টি বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। জাতীয় পার্টি মহাজোটে থাকতে চায়: এরশাদ মহাজোটের সংসদীয় দলের বৈঠকে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বৈঠকে বলেন, মহাজোট আছে, মহাজোট থাকবে। জাতীয় পার্টি মহাজোটে থাকতে চায়। মহাজোটের একাধিক সাংসদের সঙ্গে কথা বলে বৈঠকে আলোচনার বিষয়বস্তু জানা গেছে। নামপ্রকাশ না করার শর্তে মহাজোটের একাধিক সাংসদ জানান, এরশাদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, যারা বলে মহাজোট থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তাদের বলে দেন- মহাজোট আছে এবং ভবিষ্যতেও থাকবে। জাতীয় পার্টি মহাজোটে থাকতে চায়। জাতীয় পার্টির চেয়ারম্যান প্রতি মাসে মহাজোটের এরকম বৈঠক অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন। এ সময়, শেখ হাসিনা বলেন, তিনি নিয়মিতই এ ধরণের বৈঠক করার চেষ্টা করবেন। তবে, ব্যস্ততার জন্য অনেক সময় মহাজোটের বৈঠক করা হয়ে ওঠেনি। এ ছাড়া ২/১টি জায়গায় জাতীয় পার্টির সাংসদরা বঞ্চিত হচ্ছেন বলেও এরশাদ অভিযোগ করেন এবং যে সব জায়গায় জাতীয় পার্টির সাংসদ আছে সে সব জায়গায় সংরক্ষিত আসনে আওয়ামী লীগের নারী সাংসদ না দেওয়ার অনুরোধও করেন এরশাদ। গাইবান্ধা-৩ আসনের সাংসদ টি এই এম ফজলে রাব্বী চৌধুরী মহাজোটের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, তারা (জাতীয় পার্টি) এখন ইনটেনসিভ কেয়ারে। মহাজোটের প্রাপ্য তারা দু'বছরেও পায়নি বলেও দাবি করেন তিনি। লালমনিরহাট-২ আসনের সাংসদ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ভুল বোঝানো হচ্ছে। বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মইনুদ্দীন খান বাদল বলেন, সরকারকে সাবধানে এগুতে হবে। কারণ, এই সরকার ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধীদলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে বলেন, বেগম খালেদা জিয়া বলছেন, এই সরকার ও এই সংসদ অবৈধ। ওনার এই কথার কোনো ভিত্তি নেই। ওনারা সংসদে এসেই প্রমাণ করবেন- সরকার ও সংসদ বৈধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮০৫ ঘ.